রাস্তা দিয়ে আনমনে হাঁটছিলেন এক মহিলা, চোখ ছিল মোবাইলের স্ক্রিনে। আচমকা তাঁর মনে হয় কেউ তাঁকে অনুসরণ করছে। সন্দেহ দানা বাঁধতেই থমকে দাঁড়িয়ে পিছনে তাকাতেই হাড়হিম করা দৃশ্য! সামনেই দু’হাত তুলে দাঁড়িয়ে এক অদ্ভুত মূর্তি। কোনো মানুষ বা প্রাণী নয়, ৪ ফুট ৪ ইঞ্চির এক ধাতব রোবটকে দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন ওই মহিলা।
চিনের ম্যাকাওতে ঘটা এই চাঞ্চল্যকর ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। রড দিয়ে তৈরি মানুষের মতো হাত-পা বিশিষ্ট ওই রোবটটি দেখে ওই মহিলা এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে তাঁকে সাময়িকভাবে হাসপাতালে ভর্তি করতে হয়। পুলিশ জানিয়েছে, জনৈক মধ্যবয়সী ব্যক্তি রোবটটি রিমোটের মাধ্যমে রাস্তায় পরীক্ষা (Testing) করছিলেন, তখনই এই বিপত্তি ঘটে।
ইতিহাসে এই প্রথম কোনো রোবটকে ‘আটক’ করল পুলিশ। নিউ ইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, মহিলার ভয় দেখানোর অভিযোগে রোবটটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর ওই মহিলাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও, কৃত্রিম বুদ্ধিমত্তার এই অনুপ্রবেশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।