লোকসভা নির্বাচনের আবহে এবার উৎসবের ছুটি নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক উসকে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ইদ-উল-ফিতরের ছুটি এক দিন থেকে বাড়িয়ে তিন দিন করার আর্জি জানিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন তিনি। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই এই বিস্ফোরক দাবির কথা প্রকাশ্যে এনেছেন বহরমপুরের সাংসদ।
অধীর চৌধুরী যুক্তি দিয়েছেন, রাজ্যে দুর্গাপুজো উপলক্ষে লম্বা ছুটি দেওয়া হয়। হিন্দু ধর্মাবলম্বীরা যেমন বেশ কয়েকদিন ধরে উৎসব পালন করেন, ইসলাম ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও ইদ একটি বড় উৎসব। তাই উৎসবের মেজাজ বজায় রাখতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে কেবল ইদের দিন নয়, বরং ইদের আগের দিন এবং পরের দিন মিলিয়ে মোট তিন দিনের সরকারি ছুটির ব্যবস্থা করা উচিত।
অধীরের কথায়, “ইদের উৎসব একদিনে শেষ হয় না। বহু মানুষ দূর-দূরান্ত থেকে বাড়িতে আসেন। তাই ইদের আগের দিন, ইদের দিন এবং তার পরের দিন যেন ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। আমি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এই আবেদন জানিয়েছি।” রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নিজেদের দিকে টানতেই ভোটের আগে এমন কৌশলী দাবি পেশ করেছেন অধীর। তবে রাজ্য সরকার এই চিঠির প্রেক্ষিতে কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।