নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের সরাসরি সংঘাতের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে কমিশনকে ‘তুঘলকি কমিশন’ বলে কটাক্ষ করেন তিনি। তাঁর অভিযোগ, রাজ্যে চলা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়াকে হাতিয়ার করে অকারণেই রাজ্য সরকারি আধিকারিকদের হেনস্থা করা হচ্ছে।
সম্প্রতি নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের সাতজন আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নিতে হয়েছে সরকারকে। এমনকি পাঁচজনের বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করা হয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী সাফ জানান, কমিশনের চাপে পড়ে ব্যবস্থা নিতে হলেও সরকার ওই আধিকারিকদের পাশেই রয়েছে এবং তাঁদের অন্য দায়িত্ব দেওয়া হবে। মমতার অভিযোগ, কমিশন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অঙ্গুলিহেলনে কাজ করছে এবং আধিকারিকদের অকারণে ভয় দেখিয়ে গণতান্ত্রিক কাঠামো ভেঙে দিচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগের। কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ তুলে তিনি বলেন, ভোটারদের বৈধ নথিও গ্রহণ করা হচ্ছে না। এর আগে দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, “প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে তালিকা তৈরি চলবে না, শেষ কথা বলবে মানুষই।”