মধ্যপ্রাচ্যে দীর্ঘকালীন যুদ্ধের মেঘ কাটতে পারে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই আশ্বাসের পরই বিশ্বজুড়ে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেল। মঙ্গলবার ভারতের শেয়ার বাজার খোলার সাথে সাথেই সেনসেক্স এবং নিফটি ৫০ সূচকে বড়সড় উত্থান দেখা গিয়েছে। সকালে সেনসেক্স প্রায় ৮০০ পয়েন্ট বেড়ে ৭৮ হাজার ছুঁইছুঁই, অন্যদিকে নিফটি ১০০ পয়েন্ট বেড়ে ২৪,২০০-এর গণ্ডি পার করেছে। সোমবারের বড় পতনের পর এই চাঙ্গা ভাব বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে।
বিশ্ববাজারে তেলের দামেও বড়সড় পতন লক্ষ্য করা গিয়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি কমে দাঁড়িয়েছে ৯২.৪৫ ডলারে। তেলের দাম কমায় সবথেকে বেশি লাভবান হয়েছে বিমান সংস্থাগুলি। ইন্ডিগো এবং স্পাইসজেটের শেয়ার ৮ শতাংশ পর্যন্ত লাফ দিয়েছে। ডলারের তুলনায় ভারতীয় টাকাও শক্তিশালী হয়েছে; যেখানে দর ৯২.৩২-এ পৌঁছেছিল, তা আজ কমে ৯১.৯২ ডলারে দাঁড়িয়েছে।
তবে এই শান্তি বার্তা নিয়ে দোটানাও রয়েছে। ট্রাম্প যুদ্ধ শেষের দাবি করলেও ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুদ্ধ কবে থামবে সেই সিদ্ধান্ত নেবে তেহরান। এই রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও আপাতত বাজারের উর্ধ্বগতিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে দালাল স্ট্রিট।