“আগে কাজ, পরে ভোট!” বালির তৃণমূল প্রার্থীর দাপটে থমকে গেল প্রচার, উল্টে ধমক খেলেন পুরকর্তারা

ভোটের ময়দানে যখন প্রার্থীরা জয়ধ্বনি আর মিছিলে ব্যস্ত, তখন সম্পূর্ণ উল্টো পথে হেঁটে চমক দিলেন বালির তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র। বিদায়ী বিধায়ক রানা চট্টোপাধ্যায়কে সরিয়ে এবার হাওড়া সদরের যুব সভাপতি কৈলাশের ওপর ভরসা রেখেছে জোড়াফুল শিবির। কিন্তু টিকিট পাওয়ার পর প্রচারে নয়, সরাসরি বালির নরককঙ্কাল নিকাশি ব্যবস্থা সারাতে কোমর বেঁধে রাস্তায় নামলেন তিনি।

দীর্ঘদিন পুরভোট না হওয়ায় বালি ও লিলুয়া এলাকায় জঞ্জাল এবং জলমগ্ন রাস্তা নিয়ে ক্ষোভ চরমে। প্রাক্তন বিধায়ককে বারবার বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। আজ সকালে লিলুয়ায় গিয়ে সেই ছবি দেখে মেজাজ হারান কৈলাশ। পুরসভা ও সেচ দফতরের কর্তাদের ফোনে কড়া ধমক দিয়ে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে, বালির মানুষ যেন দুর্ভোগে না থাকে। অবিলম্বে সাফাই শুরু করুন।”

পুরসভার কর্মীরা তড়িঘড়ি কাজে নামলে সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত জোড় করে কৈলাশ বলেন, “আমি আগে ভোট চাইতে আসব না, আগে কাজ করব। আপনাদের যে কষ্ট হয়েছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী, আই অ্যাম সরি।” প্রার্থীর এমন ‘অ্যাকশন’ দেখে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy