রাতের কলকাতায় ফের বেপরোয়া গতির বলি এক নারী। সল্টলেকের উইপ্রো ব্রিজের কাছে একটি ঘাতক ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক বেসরকারি সংস্থার মহিলা কর্মীর। মৃতার নাম রিম্পা ধারা (৩০)। তিনি হাওড়ার বাসিন্দা ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে খবর, রিম্পা সেক্টর ফাইভের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। কাজ শেষ করে রাতে উবের বাইকে চড়ে তিনি হাওড়ার বাড়িতে ফিরছিলেন। নিকো পার্ক সংলগ্ন উইপ্রো ব্রিজ থেকে নামার সময় পিছন থেকে আসা একটি ডাম্পার সজোরে বাইকটিকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে উবের চালক ও রিম্পা দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর জখম অবস্থায় রিম্পাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যেই ঘাতক ডাম্পারটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং চালককে আটক করা হয়েছে। বিধাননগর পুলিশের প্রাথমিক অনুমান, ডাম্পারটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল এবং নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। রাতের শহরে মালবাহী লরি ও ডাম্পারের দাপট নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।