পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে না হতেই নবান্নে বড়সড় রদবদল করল ভারতের নির্বাচন কমিশন। রবিবার বিকেলে ভোটের দিনক্ষণ ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের শীর্ষ দুই প্রশাসনিক পদাধিকারী—মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কমিশনের স্পষ্ট নির্দেশ, ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁরা নির্বাচনী কোনো কাজের সঙ্গেই যুক্ত থাকতে পারবেন না।
নন্দিনী চক্রবর্তীর স্থলাভিষিক্ত হচ্ছেন ১৯৯৩ ব্যাচের আইএএস অফিসার দুষ্মন্ত নারিওয়ালা। অন্যদিকে, নতুন স্বরাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ করা হয়েছে ১৯৯৭ ব্যাচের দুঁদে আইএএস অফিসার সঙ্ঘমিত্রা ঘোষকে। আজ সোমবার দুপুর ৩টের মধ্যেই তাঁদের নতুন দায়িত্ব বুঝে নেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আদর্শ আচরণবিধি বলবৎ হওয়ার পর প্রশাসনের ওপর কমিশনের নিরঙ্কুশ আধিপত্যের এটি একটি বিরল দৃষ্টান্ত।
উল্লেখ্য, এবারের নির্বাচন হবে মাত্র দুই দফায়—২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। প্রথম দফায় ১৫২টি এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। গণনা ও ফলাফল প্রকাশ ৪ মে। ২০২১ সালের আট দফার ভোটের তুলনায় এবারের দুই দফার ভোট এবং শুরুতেই শীর্ষ স্তরের এই রদবদল রাজ্য রাজনীতির উত্তাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।