রবিবার সন্ধ্যায় ফের অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল তিলোত্তমা। দক্ষিণ কলকাতার বন্ডেল গেট এলাকায় একটি গ্যারেজে ভয়াবহ আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কুষ্টিয়া মোড়ের কাছে অবস্থিত ওই গ্যারেজে এদিন আচমকাই আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গ্যারেজের ভেতরে থাকা স্ক্র্যাপ এবং দাহ্য বস্তুতে।
দমকলের তৎপরতা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কসবা থানার পুলিশ এবং দমকলের ৫টি ইঞ্জিন। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, যার ফলে সাধারণ মানুষের শ্বাসকষ্টের সমস্যাও তৈরি হয়েছে বলে খবর।
প্রাথমিক অনুমান গ্যারেজের ভেতরে থাকা পুরনো গাড়ির স্ক্র্যাপ এবং তেলের অবশিষ্টাংশ থেকেই আগুন দ্রুত ছড়িয়েছে বলে দমকল বাহিনীর প্রাথমিক ধারণা। তবে শর্ট সার্কিট থেকে এই বিপত্তি নাকি অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যে অনেকটাই, তা স্পষ্ট।