‘ডন ৩’ নিয়ে রণবীর বনাম ফারহান মহাযুদ্ধ! মাঝপথে কাজ ছাড়ায় ৪০ কোটির মানহানির মামলা?

বলিউডের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি ঘিরে এখন টানটান উত্তেজনা। অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের পর রণবীর সিংকে নিয়ে ‘ডন ৩’-এর ঘোষণা করেছিলেন ফারহান আখতার। কিন্তু বছরের শেষলগ্নে এসে সেই ছবিতে লাগল বড় ধাক্কা। সূত্রের খবর, মাঝপথে কাজ ফেলে চলে যাওয়ার অভিযোগে রণবীর সিংয়ের বিরুদ্ধে আইনি অস্ত্র প্রয়োগ করতে চলেছেন প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি। দাবি করা হয়েছে প্রায় ৪০ কোটি টাকার বিশাল ক্ষতিপূরণ।

বিটাউনের খবর অনুযায়ী, রণবীরের গ্রিন সিগন্যাল পাওয়ার পরই ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’ প্রি-প্রোডাকশনে কয়েক কোটি টাকা খরচ করে ফেলেছিল। কিন্তু হঠাৎই রণবীর জানান, তিনি ‘ডন ৩’ ছেড়ে পরিচালক জয় মেহতার ‘প্রলয়’ ছবির শুটিং শুরু করবেন। অভিনেতার এই আকস্মিক সিদ্ধান্তে মাথায় হাত প্রযোজকদের। গুঞ্জন রয়েছে, রণবীর বারবার চিত্রনাট্য বদলানোর দাবি জানাচ্ছিলেন, যা শেষ পর্যন্ত মেনে নিতে পারেননি ফারহান। অথচ যখন রণবীরকে ‘ডন’ হিসেবে বেছে নেওয়ায় অনুরাগীরা অসন্তোষ প্রকাশ করেছিলেন, তখন ফারহানই তাঁর হয়ে সওয়াল করেছিলেন। আজ সেই ফারহানের সোশ্যাল মিডিয়া থেকেই উধাও রণবীর!

পরিস্থিতি সামাল দিতে ময়দানে নেমেছে ‘প্রডিউসারস গিল্ড অফ ইন্ডিয়া’। দফায় দফায় বৈঠক চললেও রণবীর ৪০ কোটির ক্ষতিপূরণ দিতে নারাজ। এর মাঝেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এক নতুন জল্পনা— রণবীর সরে গেলে কি তবে পুরনো ‘ডন’ শাহরুখ খানই ফিরছেন? শাহরুখের ফেরার খবরে যখন দর্শকরা উল্লসিত, তখন রণবীরের আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy