শনিবার সকালে ঘুম ভাঙল ঝমঝমে বৃষ্টিতে। চৈত্রের তপ্ত দুপুরে যেখানে ঘাম ঝরার কথা, সেখানে গত দুদিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখা যাচ্ছে উল্টো ছবি। আকাশ মেঘলা, মাঝেমধ্যেই ঝোড়ো হাওয়া আর একটানা বৃষ্টি। অনেক বাড়িতেই ফ্যান বন্ধ করে রাতে গায়ে চাদর দিতে হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই আরামদায়ক আবহাওয়া আর কতদিন?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কম থাকবে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী নয়। সামনের সপ্তাহের শুরু থেকেই ছবিটা বদলে যাবে। সোমবারের পর থেকে আকাশ পরিষ্কার হবে এবং শুকনো আবহাওয়া শুরু হবে। পারদ চড়তে পারে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত। অর্থাৎ, বৃষ্টির পাঠ চুকিয়ে ফের দহনজ্বালা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা। অন্যদিকে, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও সেখানেও ২ দিন পর থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে। শুক্রবারের কালবৈশাখী বা টিপটিপ বৃষ্টি যা-ই হোক না কেন, চৈত্র শেষের এই মনোরম পরিবেশ উপভোগ করে নিতে বলছেন আবহাওয়াবিদারা।