ফেব্রুয়ারির দ্বিতীয় রবিবারের রাতটা শান্তিতে কাটল না এশিয়ার দুই প্রতিবেশী দেশের মানুষের। ৯ ফেব্রুয়ারি মধ্যরাত ও ভোরে পর পর দুই দেশের মাটি কেঁপে ওঠায় তৈরি হয় তীব্র আতঙ্ক। ক্যালেন্ডারের হিসেবে তখন সবে ৯ তারিখ শুরু হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, রাত ও ভোরের এই জোড়া কম্পনের কবলে পড়েছে আফগানিস্তান ও বাংলাদেশ।
আফগানিস্তানে প্রথম কম্পনটি অনুভূত হয় ভারতীয় সময় রাত ১টা ১১ মিনিট নাগাদ। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৫। হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে মাটির প্রায় ১৫০ কিমি গভীরে ছিল এর কেন্দ্রস্থল। গত কয়েক বছরে বারবার শক্তিশালী ভূমিকম্পের সাক্ষী থাকা আফগানিস্তানে ফের এই কম্পন বড়সড় আতঙ্কের সৃষ্টি করেছে। আফটার শকের আশঙ্কায় কাবুলের বহু মানুষ কনকনে ঠান্ডার মধ্যেই ঘরের বাইরে রাত কাটিয়েছেন।
অন্যদিকে, ৯ ফেব্রুয়ারি একেবারে কাকভোরে (ভোর ৪টে ৫০ মিনিটে) মৃদু কম্পনে কেঁপে ওঠে বাংলাদেশের মাটি। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩.৩। উত্তর-পূর্ব অক্ষাংশ ও পূর্ব দ্রাঘিমাংশ অনুযায়ী এর উৎসস্থল ছিল সিলেট সংলগ্ন অঞ্চল। মাটির ৪৫ কিমি গভীরে এই কম্পনের উৎপত্তি। মাত্রা কম হওয়ায় বাংলাদেশে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবে ঘুমের ঘোরে হঠাত্ এমন কম্পনে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। আবহাওয়া ও পরিবেশবিদদের মতে, হিমালয় সংলগ্ন প্লেটের অস্থিরতার কারণেই এই ঘনঘন কম্পন দেখা দিচ্ছে।