“কেস তোল, নাহলে মা-মেয়েকে শেষ করে দেব!” অ্যাসিড হামলার আগে এল প্রাণনাশের হুমকি

বালুরঘাট জেলা হাসপাতালের ইউএসজি বিভাগের এক অস্থায়ী কর্মী সন্তোষী রজকের ওপর ভয়াবহ অ্যাসিড হামলার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার দুপুরে নিজের কর্মস্থল থেকে টোটোয় চড়ে বাড়ি ফেরার সময় রঘুনাথপুর বিএম হাইস্কুলের কাছে একদল দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে মারে। হামলায় মহিলার বাম হাত ও পায়ের বেশ কিছুটা অংশ ঝলসে গিয়েছে।

ঘটনার নেপথ্যে জমি বিবাদ এবং পুরনো কোনো আক্রোশ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আক্রান্তের পরিবারের অভিযোগ, সন্তোষীর প্রয়াত স্বামী ছোটন রজক বালুরঘাট শহর আইএনটিটিইউসি-র প্রাক্তন সভাপতি ছিলেন। জমি বিক্রি সংক্রান্ত বিবাদের জেরে আগে থেকেই তাঁদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। অভিযোগ, অ্যাসিড হামলার ঠিক কিছুক্ষণ আগে দুষ্কৃতীরা তাঁর বাড়িতে এসে বৃদ্ধা মাকে হুমকি দেয়। এমনকি হাসপাতাল চত্বরেও সন্তোষীকে একটি হুমকি চিঠি ছুড়ে দেওয়া হয়, যাতে লেখা ছিল— ‘কেস তোল, না হলে এক ঘণ্টার মধ্যে মা-মেয়েকে কেটে জলে ফেলে দেব’।

রবিবার থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের মা রামিয়া ভান্ডারি। পুলিশের প্রাথমিক অনুমান, পূর্ব পরিকল্পিতভাবেই এই নারকীয় হামলা চালানো হয়েছে। বর্তমানে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সন্তোষী দেবী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy