২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হতেই তৃণমূলের অন্দরে আগ্নেয়গিরির বিস্ফোরণ। চুঁচুড়ার তিনবারের দাপুটে বিধায়ক অসিত মজুমদারকে সরিয়ে সেখানে তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে দল। এই সিদ্ধান্তের পরেই অভিমানে ও ক্ষোভে ফেটে পড়েছেন বর্ষীয়ান এই নেতা। চোখে জল নিয়ে তিনি ঘোষণা করেছেন রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা।
অসিতবাবু আক্ষেপের সুরে বলেন, “দল মনে করেছে দেবাংশু ভালো হবে, আমি হয়তো চুনোপুঁটি লোক। তাই ৩ বার জেতার পর এবার আর আমায় দরকার পড়েনি।” রাজনীতি ছেড়ে তিনি ফের ওকালতি পেশায় ফেরার ইঙ্গিত দিয়েছেন। তবে দলবদল নিয়ে তাঁর মন্তব্য আরও রহস্য বাড়িয়েছে। তিনি জানান, “অন্য দলে যাব কি না এখনই ভাবিনি, তবে আমারও একটা রাজনৈতিক পরিবার আছে, তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।” দীর্ঘদিনের মমতা-ঘনিষ্ঠ এই নেতার বিদায়ে চুঁচুড়া তৃণমূলে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে।