পা ফাটা মানেই কি শুধু শুষ্ক ত্বক বা ধুলোবালি? একদমই নয়। আমরা অনেকেই গোড়ালি ফাটাকে সাধারণ সমস্যা মনে করে ঘরোয়া ক্রিম বা তেল মেখে চেপে রাখি। কিন্তু চিকিৎসকদের মতে, দীর্ঘস্থায়ী পা ফাটা শরীরে লুকিয়ে থাকা কোনো গুরুতর রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। বিশেষ করে যদি সঠিক যত্ন নেওয়ার পরেও ফাটা না কমে, তবে সাবধান হওয়া জরুরি।
বিশেষজ্ঞদের মতে, পা ফাটা হতে পারে ডায়াবেটিসের আগাম সতর্কতা। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে স্নায়ুর ক্ষতি হয় এবং পায়ের ত্বক অস্বাভাবিক শুষ্ক হয়ে ফেটে যেতে শুরু করে। এ ছাড়া থাইরয়েডের সমস্যা থাকলেও ত্বকের স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে যায়, যার ফলে গোড়ালি ফাটার সমস্যা দেখা দেয়। আবার শরীরে ভিটামিন B3, আয়রন বা ক্যালসিয়ামের চরম অভাব থাকলেও পা ফাটতে পারে।
শরীরের ওজন অতিরিক্ত বেড়ে গেলে গোড়ালি ওপর চাপ পড়ে, যা থেকেও ত্বক ফাটতে শুরু করে। তাই পা ফাটলে কেবল ওপর থেকে প্রসাধন না মেখে, ভেতরে কোনো রোগ দানা বাঁধছে কি না তা যাচাই করা প্রয়োজন। দীর্ঘদিনের ফাটা স্থান থেকে রক্তপাত বা যন্ত্রণা হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।