বাড়িতে লুচি, পরোটা বা আলুর চপ ভাজার পর কড়াইতে অনেকটা তেল থেকে যায়? আর সেই তেলেই কি আপনি পরের দিনের রান্না সারেন? যদি উত্তর ‘হ্যাঁ’ হয়, তবে অজান্তেই আপনি নিজের এবং পরিবারের শরীরে বিষ ঢালছেন। চিকিৎসকদের মতে, একবার ব্যবহার করা তেল বারবার গরম করে ব্যবহার করা স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।
তেল যখন উচ্চ তাপমাত্রায় বারবার ফোটানো হয়, তখন তাতে ‘ফ্রি র্যাডিক্যালস’ তৈরি হয় এবং তেলের আণবিক গঠন বদলে গিয়ে ‘ট্রান্স ফ্যাট’-এর মাত্রা বেড়ে যায়। এটি শরীরে ক্যানসারের কোষ তৈরি করতে সাহায্য করে। শুধু তাই নয়, পোড়া তেলের ব্যবহার রক্তে ব্যাড কোলেস্টেরল বাড়িয়ে দেয়, যার সরাসরি প্রভাব পড়ে হৃদপিণ্ডের ধমনীতে। ফলে অকালেই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়।
গবেষণায় দেখা গেছে, পোড়া তেল থেকে নির্গত বিষাক্ত উপাদান পেটের আলসার, হজমের সমস্যা এবং লিভারের মারাত্মক ক্ষতি করে। এমনকি এটি অ্যালঝাইমার্স বা স্মৃতিভ্রমের কারণও হতে পারে। সুস্থ থাকতে একবার ব্যবহৃত তেল পুনরায় ব্যবহার করা বন্ধ করুন। মনে রাখবেন, সামান্য তেল বাঁচানোর চেষ্টা বড় কোনো চিকিৎসার খরচে পরিণত হতে পারে।