রেস্টুরেন্টের স্বাদ এবার ঘরেই, মাত্র ১০ মিনিটে তৈরি করুন মুচমুচে ‘ক্রিসপি ফিশ স্ট্রিপস’!

বড় মাছের ভাজা কিংবা ভুনা তো আমাদের নিয়মিত খাবারের তালিকায় থাকেই। কিন্তু সাধারণ স্বাদের মাছ দিয়ে যে অত্যন্ত সুস্বাদু ও ব্যতিক্রমী সব পদ তৈরি করা সম্ভব, তা অনেকেরই অজানা। রেস্টুরেন্টে গেলে আমরা অনেকেই ‘ফিশ স্ট্রিপস’ অর্ডার করে থাকি। অনেকেই মনে করেন এই খাবারটি তৈরি করা বেশ ঝক্কির কাজ। কিন্তু বাস্তবে বাড়িতেই রেস্টুরেন্টের মতো স্বাদে ও গন্ধে তৈরি করা যায় এই মুচমুচে ‘ক্রিসপি ফিশ স্ট্রিপস’। কোনো বাড়তি ঝামেলা ছাড়াই বিকেলের নাস্তায় বা ভাতের পাতে স্টার্টার হিসেবে এটি অতুলনীয়।

ক্রিসপি ফিশ স্ট্রিপস তৈরির প্রয়োজনীয় উপকরণ:
এই মজাদার পদটি তৈরির জন্য খুব সাধারণ কিছু উপকরণের প্রয়োজন। যেকোনো বড় মাছের টুকরা ৮-১০টি নিয়ে ভালো করে ধুয়ে কাঁটা ছাড়িয়ে নিন। এরপর মাছগুলোকে লম্বা ফালির মতো বা স্ট্রিপসের আকারে কেটে নিন। এছাড়া লাগবে কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, স্বাদমতো লবণ, চিলি ফ্লেক্স আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, ভাজা ধনিয়া ও জিরা গুঁড়া ১ চা চামচ, লেবুর রস ২ চা চামচ এবং ভাজার জন্য পরিমাণমতো তেল।

তৈরির পদ্ধতি:
প্রথমেই মাছগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি বড় মিক্সিং বোলে মাছের টুকরাগুলোর সাথে সমস্ত মসলা—আদা-রসুন বাটা, লবণ, মরিচ, হলুদ, ধনিয়া-জিরা গুঁড়া এবং লেবুর রস মিশিয়ে নিন। মশলা মাখানোর শেষে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কোট করে নিন। কর্নফ্লাওয়ার মাছের গায়ে মশলাকে আটকে রাখবে এবং ভাজার সময় মাছকে অতিরিক্ত মচমচে বা ক্রিসপি করতে সাহায্য করবে।

এবার চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে পর্যাপ্ত তেল গরম করুন। তেল মাঝারি গরম হয়ে এলে মাছের টুকরাগুলো একে একে দিয়ে দিন। একটি জরুরি টিপস হলো, চুলার আঁচ খুব বেশি বাড়িয়ে দেবেন না। এতে মাছের বাইরের অংশ দ্রুত পুড়ে যাবে কিন্তু ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে না। মাঝারি আঁচে উল্টেপাল্টে মাছগুলোকে সোনালি বাদামী রঙ না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুর ওপর মাছগুলো তুলে রাখুন, এতে বাড়তি তেল শুষে নেবে।

ব্যাস! তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের মুচমুচে ‘ক্রিসপি ফিশ স্ট্রিপস’। এটি টমেটো সস বা কাসুন্দির সাথে পরিবেশন করুন। বড়দের পাশাপাশি বাচ্চারাও এই স্বাস্থ্যকর ও সুস্বাদু পদটি খেতে অত্যন্ত পছন্দ করবে। সাধারণ মাছকে অসাধারণ স্বাদে রূপান্তর করতে আজকের বিকেলেই ট্রাই করতে পারেন এই দারুণ রেসিপিটি!