মাছ-মাংসকে হার মানাবে ‘মুসুর ডালের কোফতা কারি’, শিখেনিন বানানোর পদ্ধতি

বাঙালির হেঁশেলে মুসুর ডাল থাকে না, এমন বাড়ি খুঁজে পাওয়া ভার। পেঁয়াজ-রসুন ফোরন দিয়ে গরম ভাতে মুসুর ডালের সোঁদা গন্ধ যেন বাঙালির চিরকালের দুর্বলতা। তবে শুধু ডাল হিসেবেই নয়, মুসুর ডাল দিয়ে একাধিক সুস্বাদু পদ তৈরি করা যায়। ডালের বড়া বা ধোকার ডালনার কথা তো অনেকেই জানেন, কিন্তু কখনো কি মুসুর ডালের কোফতা কারি ট্রাই করেছেন? খেতে অসাধারণ এই পদটি বানানোও অত্যন্ত সহজ। বাড়িতে হঠাৎ অতিথি আসলেও তাঁদের পাতে এই রাজকীয় পদ পরিবেশন করলে সবাই আঙুল চাটতে বাধ্য হবেন। ঝটপট জেনে নিন এর সহজ রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ

  • কোফতার জন্য:

    • মুসুর ডাল: ১ কাপ (২ ঘণ্টা জলে ভিজিয়ে বেটে নেওয়া)

    • সেদ্ধ ও চটকানো আলু: হাফ কাপ

    • বেসন: ২ বড় চামচ

    • জিরে ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো: হাফ চামচ করে

    • কুচানো কাঁচালঙ্কা: ২টি

    • ধনেপাতা কুচি ও নুন: পরিমাণমতো

    • ভাজার জন্য তেল

  • গ্রেভির জন্য:

    • পেঁয়াজ ও টমেটো পেস্ট: মাঝারি সাইজের (পেঁয়াজ ২টি, টমেটো ৩টি)

    • আদা-রসুন বাটা: ১ বড় চামচ

    • কাজু বাদাম বাটা: ১০-১২টি কাজু একসঙ্গে বেটে নেওয়া

    • গোটা গরম মশলা ও তেজপাতা

    • হলুদ, ধনে ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো: আধ চামচ করে

    • কসৌরি মেথি: ১ ছোট চামচ

    • গরম মশলা গুঁড়ো: হাফ চামচ

    • ফ্রেশ ক্রিম: সামান্য

    • নুন ও স্বাদমতো চিনি

    • তেল বা ঘি

রান্নার সহজ পদ্ধতি

  • কোফতা তৈরি: সবার প্রথমে ভিজিয়ে রাখা মুসুর ডাল জল ছাড়া মিক্সারে একটু মোটা করে বেটে নিন। এবার একটি বড় বাটিতে বাটা ডাল, সেদ্ধ আলু, বেসন, কাঁচালঙ্কা, ধনেপাতা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও নুন একসঙ্গে নিয়ে ভালো করে মেখে বা ফেটিয়ে নিন। এরপর মিশ্রণ থেকে ছোট ছোট গোল বল বা কোফতার আকারে গড়ে নিন। কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে কোফতাগুলো সোনালী ও মুচমুচে করে ভেজে আলাদা পাত্রে তুলে রাখুন।

  • গ্রেভি তৈরি: অন্য একটি প্যানে তেল বা ঘি গরম করে তাতে গোটা গরম মশলা ও তেজপাতা ফোরন দিন। এরপর পেঁয়াজ বাটা ও আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে টমেটো পিউরি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং পরিমাণমতো নুন দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিন যাতে তেল আলাদা হয়ে আসে।

  • ফাইনাল ট্যচ: মশলা কষানো হয়ে গেলে কাজু বাটা এবং এক কাপ জল দিয়ে কড়াই ঢাকা দিয়ে কম আঁচে ৫ মিনিট ফুটতে দিন। গ্রেভি ঘন হয়ে এলে নামানোর আগে গরম মশলা গুঁড়ো, কসৌরি মেথি এবং ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিন।

পরিবেশন টিপস: কোফতাগুলো যখন পরিবেশন করবেন, তখন একটি পাত্রে আগে ভাজা কোফতাগুলি সাজিয়ে তার ওপর গরম ও ঘন গ্রেভি ঢেলে দিন। মনে রাখবেন, গ্রেভির মধ্যে কোফতা বেশিক্ষণ ফুটিয়ে সেদ্ধ করবেন না, তাহলে সেগুলি ভেঙে যেতে পারে। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু মুসুর ডালের কোফতা কারি।