শৌখিন মানুষের কাছে পোশাকের মতোই গুরুত্বপূর্ণ হলো তাঁর শরীরের সুগন্ধ। কিন্তু অনেকেরই অভিযোগ, হাজার হাজার টাকা খরচ করে নামী ব্র্যান্ডের পারফিউম বা বডি স্প্রে কিনলেও তার স্থায়িত্ব খুব একটা বেশি হয় না। কিছুক্ষণ পরেই সুবাস ফিকে হতে শুরু করে। রূপ বিশেষজ্ঞরা বলছেন, সুগন্ধি দীর্ঘক্ষণ ধরে রাখতে দামী ব্র্যান্ডের চেয়েও বেশি জরুরি এটি মাখার সঠিক কৌশল।
প্রথমত, পারফিউম ব্যবহারের আদর্শ সময় হলো স্নানের ঠিক পরে। স্নানের পর শরীরের লোমকূপগুলো উন্মুক্ত থাকে, ফলে সুগন্ধি ত্বকের গভীরে গিয়ে অনেকক্ষণ স্থায়ী হয়। দ্বিতীয়ত, সুগন্ধি মাখার আগে ত্বকে সামান্য ভ্যাসলিন বা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। তৈলাক্ত ত্বকে সুগন্ধি বেশিক্ষণ আটকে থাকে। তৃতীয়ত, পারফিউম কখনোই পোশাকে নয়, বরং শরীরের ‘পালস পয়েন্ট’ বা স্পন্দন বিন্দুগুলোতে স্প্রে করুন। কবজি, কানের পেছনে এবং ঘাড়ের উষ্ণতা সুগন্ধকে ছড়িয়ে দিতে সাহায্য করে। তবে মনে রাখবেন, কবজিতে পারফিউম মেখে ঘষাঘষি করবেন না, এতে সুগন্ধের অণুগুলো ভেঙে যায় এবং স্থায়িত্ব কমে। এই সহজ টিপসগুলো মেনে চললেই আপনার পছন্দের সুবাস আপনাকে ঘিরে থাকবে সারা দিন।