চিয়া সিডের সঙ্গে যেসব খাবার কখনোই খাবেন না, খেলে হতে পারে মারাত্বক ক্ষতি

স্বাস্থ্যসচেতন মানুষের কাছে ‘সুপার ফুড’ হিসেবে পরিচিত চিয়া সিড। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। নিয়মিত খেলে ওজন নিয়ন্ত্রণ, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি অত্যন্ত সহায়ক। তবে পুষ্টিবিদরা বলছেন, কিছু নির্দিষ্ট খাবারের সঙ্গে চিয়া সিড মিশিয়ে খেলে হজমে সমস্যা হতে পারে এবং শরীরে পুষ্টির শোষণ বাধাগ্রস্ত হতে পারে।

আসুন জেনে নিই কোন ৫টি খাবারের সঙ্গে চিয়া সিড মিশিয়ে খাওয়া উচিত নয়:

সাদা ভাত: চিয়া সিডে প্রচুর ফাইবার থাকে, আর সাদা ভাত হলো পরিশোধিত কার্বোহাইড্রেট। এই দুটি একসঙ্গে খেলে হজমের ভারসাম্য নষ্ট হয়, যার ফলে পেট ফাঁপা এবং অস্বস্তির মতো সমস্যা দেখা দিতে পারে।

কলা: কলা এবং চিয়া সিড—দু’টিতেই দ্রবণীয় ফাইবার রয়েছে। একসঙ্গে বেশি পরিমাণে খেলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে এবং কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি বাড়তে পারে।

মিল্কশেক ও উচ্চ ফ্যাটযুক্ত দুগ্ধজাত খাবার: চিয়া সিড তরলের সংস্পর্শে এলে জেলের মতো আকার ধারণ করে। উচ্চ ফ্যাটযুক্ত দুধ বা মিল্কশেকের সঙ্গে মিশিয়ে খেলে হজম ধীর হতে পারে এবং সংবেদনশীল অন্ত্রে গ্যাস ও পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে।

ডুবো তেলে ভাজা খাবার: পাকোড়া, সিঙ্গারা বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ডুবো তেলে ভাজা খাবারের সঙ্গে চিয়া সিড খেলে হজমের স্বাভাবিক প্রক্রিয়া বিঘ্নিত হয়, যা বদহজম এবং অ্যাসিডিটির ঝুঁকি বাড়ায়।

অতিরিক্ত চিনিযুক্ত খাবার: কেক, হালুয়া বা মিষ্টি স্মুদির মতো অতিরিক্ত চিনিযুক্ত খাবারে চিয়া সিড যোগ করলে এর স্বাস্থ্যকর গুণ অনেকটাই কমে যায়। এতে হঠাৎ করে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে এবং অন্ত্রের অস্বস্তি তৈরি হতে পারে।