সুপার ফোরে ভারতের দুশ্চিন্তা বাড়াল অক্ষর প্যাটেলের চোট, পাকিস্তান ম্যাচের আগে বড় ধাক্কা

এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত। কিন্তু এই হাইভোল্টেজ ম্যাচের আগে বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার অক্ষর প্যাটেল মাথায় চোট পাওয়ায় পাকিস্তান ম্যাচে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
গতকাল ওমানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে ফিল্ডিং করার সময় অক্ষর এই চোট পান। ওমানের ইনিংসের ১৫তম ওভারে ব্যাটার হাম্মাদ মির্জার একটি শট ক্যাচ ধরতে গিয়ে তিনি পিঠের ওপর ভর করে মাটিতে পড়ে যান। এই সময় তার মাথার পিছনের অংশ মাটিতে আঘাত করে। সঙ্গে সঙ্গে তিনি মাথায় হাত দিয়ে শুয়ে পড়েন এবং দ্রুত মাঠে আসেন ভারতীয় দলের চিকিৎসকরা। পরিস্থিতি গুরুতর বুঝে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং তিনি আর খেলায় ফেরেননি।
ম্যাচ শেষে ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ জানিয়েছেন, “চোট গুরুতর নয়। ওকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।” তবে মাথার চোটের ব্যাপারে টিম ম্যানেজমেন্ট সাধারণত কোনো ঝুঁকি নেয় না, তাই ভক্তদের মধ্যে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে।
গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে অক্ষর ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে দারুণ পারফরম্যান্স করেছিলেন। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তিনি ফখর জামান এবং সলমন আলি আঘার মতো গুরুত্বপূর্ণ ব্যাটারদের উইকেট নিয়েছিলেন। ওমানের বিরুদ্ধেও মাত্র ১৩ বলে ২৬ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে তিনি ব্যাট হাতে নিজের কার্যকারিতা প্রমাণ করেন। তাই অক্ষর যদি খেলতে না পারেন, তাহলে ভারত ব্যাটিং এবং বোলিং— উভয় ক্ষেত্রেই ভারসাম্য হারাতে পারে।
অক্ষর প্যাটেলের অনুপস্থিতিতে তার জায়গায় কে খেলবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্কোয়াডে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীর মতো স্পেশালিস্ট স্পিনার থাকলেও তারা ব্যাটিংয়ে তেমন অবদান রাখতে পারেন না। অভিষেক শর্মা একজন বিকল্প হতে পারেন, যিনি বোলিংও করতে পারেন, কিন্তু তার অভিজ্ঞতার অভাব রয়েছে। বাড়তি পেসার হিসেবে অর্শদীপ সিং বা হর্ষিত রানাকেও খেলানো যেতে পারে।
তবে, ওয়াশিংটন সুন্দর বা রিয়ান পরাগের মতো স্ট্যান্ড বাই খেলোয়াড়দের এত কম সময়ের মধ্যে দুবাইয়ে এনে ম্যাচ ফিট করানো সহজ নয়। তাই পাকিস্তান ম্যাচে অক্ষরের অনুপস্থিতি ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।