আক্কেল দাঁত বা ‘উইজডম টুথ’ ওঠার সময় যে অসহ্য যন্ত্রণা হয়, তা সহ্য করা অনেকের পক্ষেই কঠিন হয়ে পড়ে। মাড়ি ফুলে যাওয়া, মুখ খুলতে অসুবিধা হওয়া এবং কান পর্যন্ত ব্যথা ছড়িয়ে পড়া এর সাধারণ লক্ষণ। তবে পেইনকিলার খাওয়ার আগে প্রাকৃতিক কিছু উপায়ে এই ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।
প্রথমত, লবঙ্গ বা লবঙ্গের তেল। ব্যথার জায়গায় একটি লবঙ্গ চেপে রাখলে বা তুলায় করে লবঙ্গের তেল লাগালে এর অ্যানাস্থেটিক গুণ দ্রুত অবশ করে দেয়। দ্বিতীয়ত, নুন-গরম জল। এক গ্লাস ঈষদুষ্ণ জলে নুন মিশিয়ে কুলকুচি করলে মাড়ির ব্যাকটেরিয়া মরে যায় এবং প্রদাহ কমে। তৃতীয়ত, পেয়ারা পাতা। কচি পেয়ারা পাতা চিবিয়ে খেলে বা জলে ফুটিয়ে সেই জল দিয়ে মুখ ধুলে দাঁতের তীব্র যন্ত্রণা উপশম হয়। চতুর্থত, রসুন। রসুনের কোয়া থেঁতো করে সামান্য নুন দিয়ে ব্যথার জায়গায় লাগালে অ্যান্টি-বায়োটিকের মতো কাজ করে।
যদি ব্যথা ৪-৫ দিনের বেশি স্থায়ী হয় বা মাড়িতে পুঁজ দেখা দেয়, তবে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।