ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই স্নায়ুর লড়াই। দুই দেশের এই হাই-ভোল্টেজ দ্বৈরথ নিয়ে সম্প্রতি স্মৃতিচারণ করলেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা। আইসিসি-র এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানালেন, তাঁর চোখে ২০০৭ সালের উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালই হলো সর্বকালের সেরা ভারত-পাকিস্তান লড়াই।
রোহিতের কথায়, “আমার প্রিয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ অবশ্যই ২০০৭ সালের ফাইনাল। সেই লড়াইকে অন্য কোনো ম্যাচই টেক্কা দিতে পারবে না। আমরা সেদিন চ্যাম্পিয়ন হয়েছিলাম।” ২০০৭ সালে প্রথমবার পাকিস্তানকে হারিয়ে বিশ্বজয়ের মুকুট উঠেছিল ভারতের মাথায়, যা আজও ভারতীয়দের হৃদয়ে বিশেষ জায়গা জুড়ে আছে। তবে কেবল ফাইনালই নয়, ২০২২ সালে মেলবোর্নে বিরাট কোহলির অতিমানবিক ইনিংসের কথাও উল্লেখ করেছেন রোহিত। তিনি স্বীকার করেন যে মেলবোর্নের সেই ম্যাচে ড্রেসিংরুমে বসে তিনি অত্যন্ত নার্ভাস হয়ে পড়েছিলেন এবং বিরাটের সেই দুর্দান্ত কামব্যাক জয়ও ছিল তাঁর কাছে অত্যন্ত স্পেশাল। তবুও শিরোপা জেতার তৃপ্তি আর ওই মহাকাব্যিক সমাপ্তির জন্য ২০০৭-এর ফাইনালকেই ‘সেরা’ তকমা দিয়েছেন তিনি।