আইপিএলের মঞ্চে ধুমকেতুর মতো আবির্ভাব ঘটল ১৫ বছরের কিশোর বৈভব সূর্যবংশীর। সোমবার গুয়াহাটির মাঠে মহেন্দ্র সিং ধোনিহীন চেন্নাই সুপার কিংসকে স্রেফ খড়কুটোর মতো উড়িয়ে দিল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে সিএসকে মাত্র ১২৭ রানে গুটিয়ে গেলে, সেই রান তাড়া করতে নেমে মাত্র ১২.১ ওভারেই জয় ছিনিয়ে নেয় রাজস্থান। সৌজন্যে বৈভবের বিধ্বংসী ১৭ বলে ৫২ রানের ইনিংস।
এদিন মাত্র ১৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটার, যা রাজস্থানের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। নিজের ইনিংসে ৫টি ছক্কা ও ৪টি চার মেরে চেন্নাইয়ের বোলিং লাইনআপকে ছারখার করে দেন তিনি। ম্যাচের পর বৈভব জানান, পাওয়ার প্লে-তেই ম্যাচ শেষ করে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। ওপেনিং পার্টনার যশস্বী জয়সওয়ালের সঙ্গে কথোপকথন নিয়ে তিনি বলেন, “যশস্বী ভাই আমাকে বারবার সিঙ্গল নিতে বলেনি, বরং বলেছিল— বল ব্যাটে ঠিকঠাক আসলে সজোরে মারো।” কোচেদের পূর্ণ সমর্থন ও আগাম প্রস্তুতির ফলেই এই সাফল্য বলে মনে করছেন এই তরুণ তুর্কি। গত ২৭ মার্চ নিজের ১৫তম জন্মদিন পালন করা বৈভব কার্যত ব্যাট হাতে নিজেকেই সেরা উপহার দিলেন।





