১২ কেজি থেকে ওজন কমে ৩.৯! টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে অবাক করা তথ্য

টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ শুরু হয়ে গিয়েছে। ২০০৭ এবং ২০২৪-এর পর এবার ভারত তাকিয়ে হ্যাটট্রিকের দিকে। ঘরের মাঠে সূর্যকুমার যাদবরা কি পারবেন ইতিহাস বদলে চ্যাম্পিয়ন হতে? কারণ, আজ পর্যন্ত কোনো আয়োজক দেশ এই শিরোপা জিততে পারেনি। যখন ট্রফি নিয়ে উন্মাদনা তুঙ্গে, তখন এই ঝকঝকে রুপোলি ট্রফিটির নেপথ্য কাহিনী জানলে আপনিও অবাক হবেন।

জানেন কি, এই বিশ্বজয়ের ট্রফির আদি জন্মস্থান কিন্তু খোদ ভারতের রাজস্থানে! ২০০৭ সালের প্রথম বিশ্বকাপের ট্রফিটি তৈরি করেছিলেন জয়পুরের কারিগর অমিত পাবুওয়াল। অস্ট্রেলীয় ডিজাইনার মিনালো ব্রাইসের নকশায় জয়পুরের মাটিতেই প্রাণ পেয়েছিল এই ট্রফি। তবে ২০২১ সাল থেকে এর দায়িত্ব নিয়েছে লন্ডনের বিখ্যাত সংস্থা ‘থমাস লাইট’। সময়ের সঙ্গে সঙ্গে এই ট্রফি আরও আকর্ষণীয় এবং ‘স্লিম’ হয়েছে। ২০০৭ সালে যে ট্রফির ওজন ছিল প্রায় ১২ কেজি, মেদ ঝরিয়ে এখন তার ওজন দাঁড়িয়েছে মাত্র ৩.৯ কেজিতে। ৫১ সেন্টিমিটার উচ্চতার এই ট্রফিটি দেখতে রুপোর মতো হলেও, এটি তৈরি হয়েছে রোডিয়াম এবং রুপো-সহ মোট পাঁচটি ধাতুর মিশ্রণে।

সবচেয়ে মজার বিষয় হলো, রোহিত বা সূর্যরা বিশ্বকাপ জিতলেও আসল ট্রফিটা কিন্তু দেশে আনতে পারবেন না! আইসিসির নিয়ম অনুযায়ী, আসল ট্রফিটি সর্বদা দুবাইয়ের আইসিসি সদর দপ্তরেই রাখা থাকে। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় ঠিক একই রকম দেখতে একটি নিখুঁত ‘রেপ্লিকা’ বা প্রতিকৃতি। আর এই ট্রফির দাম কত? আইসিসি বা নির্মাতা সংস্থা কেউই আজ পর্যন্ত সেই গোপনীয়তা ফাঁস করেনি। ক্রিকেট প্রেমীদের কাছে এই ট্রফির মাহাত্ম্য যে কোনো অর্থমূল্যের চেয়ে অনেক বেশি, তা বলাই বাহুল্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy