টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর হাইভোল্টেজ সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। আর ভারতের এই রাজকীয় জয়ের নেপথ্যে রয়েছেন একজন ‘অদৃশ্য’ কারিগর— ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রোহিত শর্মা। ওয়াংখেড়ের ঘরের মাঠে ভারত-ইংল্যান্ড মহারণের আগে রোহিতের দেওয়া এক বিশেষ ‘পেপটক’ যেন বদলে দিল গোটা ম্যাচের রঙ।
ম্যাচের আগে ড্রেসিংরুমে সূর্যকুমার যাদব থেকে শুরু করে ঈশান কিষান ও বোলারদের সঙ্গে আড্ডায় মাতেন রোহিত। মজার ছলে সিরাজের সঙ্গে ইয়ার্কি করলেও, আসল কাজটা তিনি সেরেছিলেন বোলিং কোচ মর্নি মর্কেলের সঙ্গে কথা বলার সময়। রোহিত জোর দিয়ে বলেছিলেন, “১০০% নিশ্চিত থাকো, সেকেন্ড ইনিংসে বল সুইং করবেই। এই হাওয়া থামার নয়।” আর ঠিক সেটাই হলো। রোহিতের চেনা মাঠের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই বুমরাহ, আর্শদীপ ও হার্দিকরা চূর্ণ করলেন ইংরেজ ব্যাটিং লাইনআপকে। এমনকি অধিনায়ক সূর্যকেও রোহিত আশ্বস্ত করেছিলেন এই বলে যে, “ইঞ্জিন একদম স্মুথ আছে, সব ঠিক হয়ে যাবে।” প্রাক্তন অধিনায়কের এই জহুরির চোখই ভারতকে পৌঁছে দিল বিশ্বজয়ের দোরগোড়ায়।