রাতারাতি বদলে গেল আইপিএল-এর নিয়ম! ২১০ মিনিটের নতুন গেড়োয় কেকেআর থেকে সিএসকে

আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৬। তবে টুর্নামেন্ট শুরুর আগেই দশটি ফ্র্যাঞ্চাইজিকে কড়া নিয়মের জালে বাঁধল বিসিসিআই। অনুশীলনের ধরন থেকে শুরু করে সময়সীমা—সবক্ষেত্রেই জারি করা হয়েছে ৫ পাতার এক দীর্ঘ নির্দেশিকা। মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের এই বিধিনিষেধ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেট মহলে।

বোর্ডের নতুন নির্দেশিকায় সবচেয়ে উল্লেখযোগ্য হলো ‘২১০ মিনিটের নিয়ম’। ফ্লাডলাইটের নিচে কোনও অনুশীলন ম্যাচ ২১০ মিনিটের বেশি চালানো যাবে না। পিচের মান বজায় রাখতেই এই সিদ্ধান্ত। ফলে দীর্ঘ সময় ধরে ইন্ট্রা-স্কোয়াড ম্যাচ খেলার সুযোগ আর থাকছে না। পাশাপাশি, কোনও দল দুটির বেশি প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবে না এবং তার জন্য বোর্ডের আগাম অনুমতি বাধ্যতামূলক। এই ম্যাচগুলো কোনওভাবেই মূল পিচে খেলা যাবে না, ব্যবহার করতে হবে সাইড উইকেট।

অনুশীলনের স্লটেও আনা হয়েছে বড় বদল। সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা এবং রাত ৮টা থেকে ১০টা—এই দুটি স্লটে ভাগ করা হয়েছে প্র্যাকটিস সেশন। ফলে শিশিরের প্রভাব বা আবহাওয়ার সুবিধা সব দলই সমানভাবে পাবে। এছাড়া, প্র্যাকটিসের সময় এক দলের নেট বা পিচ অন্য দল ব্যবহার করতে পারবে না। থ্রো-ডাউনের ক্ষেত্রেও থাকছে কড়াকড়ি। মূল পিচ ম্যাচের চার দিন আগে থেকে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এই নিয়ম ভাঙলে ফ্র্যাঞ্চাইজিদের কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বোর্ড।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy