রঞ্জি ট্রফির (Ranji Trophy) নক-আউট পর্ব শুরু হওয়ার ঠিক আগেই বড়সড় দুঃসংবাদ মুম্বই শিবিরে। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে কর্নাটকের বিরুদ্ধে হাই-ভোল্টেজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে নামার কথা মুম্বইয়ের। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরে চলে গেলেন দলের অন্যতম প্রধান ভরসা সরফরাজ খান। জানা গিয়েছে, আচমকা ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এই তারকা ব্যাটারকে।
সরফরাজের শারীরিক অবস্থা ঠিক কতটা গুরুতর, তা নিয়ে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে তাঁর হাসপাতালে ভর্তির খবর দলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষ করে রঞ্জি ট্রফির ২০২৫-২৬ মরশুমে তাঁর ফর্ম যে পর্যায়ে ছিল, তাতে তাঁর অনুপস্থিতি দলের জন্য বড় ক্ষতি হতে পারে।
চলতি মরশুমে ৭ ম্যাচের ৯ ইনিংসে সরফরাজ ৫৩.৬২ গড়ে ৪২৯ রান করেছেন। তাঁর ব্যাটে এসেছে একটি ডাবল সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি। চলতি মরশুমে মুম্বইয়ের হয়ে একমাত্র দ্বিশতরানকারী ব্যাটসম্যানও তিনি। সিদ্ধেশ লাডের পর দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে সরফরাজ ছিলেন ব্যাটিং অর্ডারের মূল স্তম্ভ। ভাইরাল জ্বরের ধাক্কা সামলে তিনি আদৌ কর্নাটকের বিরুদ্ধে খেলতে পারবেন কি না, তা নিয়ে ঘোর সংশয় তৈরি হয়েছে। শার্দুল ঠাকুরের নেতৃত্বে মুম্বই দল এখন তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রহর গুনছে।