টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে ছিটকে পড়ার যন্ত্রণায় দগ্ধ আফগান অধিনায়ক রশিদ খান। কিন্তু এই হারের পর তাঁর গলার সুরে হতাশার চেয়েও বেশি ছিল এক রাশ অভিযোগ। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি বিশ্বের অন্যতম সেরা এই স্পিনার। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিশ্বকাপের মতো মঞ্চে লড়াই করার সামর্থ্য থাকলেও, দ্বিপাক্ষিক সিরিজে বড় দেশগুলোর বিরুদ্ধে খেলার সুযোগই পায় না আফগানিস্তান।
রশিদ বলেন, “আমাদের প্রতিভা আছে, জেদ আছে, কিন্তু অভিজ্ঞতা সঞ্চয়ের মঞ্চ কোথায়? বিশ্বকাপের বাইরে বড় দলগুলোর বিরুদ্ধে খেলার সুযোগ আমরা খুব কমই পাই।” মূলত ভারত, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো প্রথম সারির দলগুলো আফগানিস্তানের বিরুদ্ধে নিয়মিত সিরিজ খেলতে রাজি হয় না—এই আক্ষেপই ঝরে পড়েছে তাঁর গলায়। রশিদের মতে, বড় দলগুলোর বিরুদ্ধে নিয়মিত না খেললে চাপের মুখে কীভাবে শান্ত থাকতে হয়, তা শেখা সম্ভব নয়।
আফগান ক্রিকেটের এই উন্নতির গ্রাফ সত্ত্বেও আইসিসি-র ফিক্সচারে তাঁদের ‘অবহেলিত’ হয়ে থাকার বিষয়টি নিয়ে ফের সরব হয়েছেন নেটিজেনরা। রশিদ খানের এই মন্তব্য কি ক্রিকেট বিশ্বের প্রভাবশালী বোর্ডগুলোর টনক নাড়াতে পারবে? প্রশ্নটা থেকেই যাচ্ছে।