আমেরিকার মেজর লিগ সকার (MLS) ম্যাচে হারের তিক্ত স্বাদ পেয়ে মাঠেই মেজাজ হারালেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে হারের পর মেজাজ হারিয়ে সরাসরি রেফারির দিকে তেড়ে যেতে দেখা গেল ফুটবল জাদুকরকে। শান্ত স্বভাবের মেসির এই রুদ্রমূর্তি দেখে রীতিমতো তাজ্জব ফুটবল বিশ্ব।
ম্যাচ চলাকালীন রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই অসন্তুষ্ট ছিলেন মেসি। বিশেষ করে বিপক্ষ দলের ফাউল এড়িয়ে যাওয়া এবং পেনাল্টি না দেওয়ার অভিযোগে বারবার ক্ষোভ প্রকাশ করছিলেন তিনি। ম্যাচের বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই তিনি মাঠের মাঝখানে রেফারি ক্রিস পেনসোর দিকে ধেয়ে যান। আঙুল উঁচিয়ে তাঁকে কড়া ভাষায় কিছু বলতে দেখা যায়, যা ক্যামেরা বন্দি হতে সময় নেয়নি। সতীর্থরা তাঁকে শান্ত করার চেষ্টা করলেও মেসির চোখে-মুখে স্পষ্ট ছিল রাগের ছাপ।
ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, মেসির এই আচরণে লিগ কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিতে পারে। এর আগে আমেরিকায় খেলতে এসে মেসিকে এতটা উত্তেজিত হতে দেখা যায়নি। ইন্টার মায়ামির প্লে-অফ দৌড়ে এই হার যেমন ধাক্কা দিয়েছে, তেমনই মেসির এই আচরণ দলের মনোবলে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখার, এই ঘটনার পর এমএলএস কর্তৃপক্ষ মেসিকে কোনো শাস্তি বা শোকজ করে কি না।