ভারত-পাক ম্যাচ বয়কট নাটকে সরগরম বিশ্ব ক্রিকেট, আইসিসি-র পদক্ষেপে একঘরে হবে পাকিস্তান?

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেটকে (PCB) ঘিরে ঘনীভূত হচ্ছে আশঙ্কার মেঘ। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে খেলতে অস্বীকার করার পর বিশ্ব ক্রিকেটে কার্যত একঘরে হতে চলেছে পাকিস্তান। তবে সবথেকে বড় নাটক হল— পিসিবি এখনও আইসিসি-কে সরকারিভাবে এই বয়কটের কথা কিছুই জানায়নি।

গৌতম গম্ভীরের রহস্যময় প্রতিক্রিয়া: এই বিতর্কের মাঝেই টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। মুম্বই বিমানবন্দরে পাকিস্তান সম্পর্কে প্রশ্ন করা হলে গম্ভীর প্রথমে টিম ইন্ডিয়ার জন্য শুভকামনার জন্য সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানান। কিন্তু পাকিস্তান ইস্যু উঠতেই তিনি কোনো মন্তব্য না করে কৌশলে এড়িয়ে যান। ভিডিওতে দেখা যাচ্ছে, গম্ভীর কিছু বলতে গিয়েও শেষ মুহূর্তে নিজেকে থামিয়ে নিলেন।

আইসিসি-র রাজস্ব ও বিপাকে পাকিস্তান: পাকিস্তান সরকার তাদের দলকে টুর্নামেন্টে খেলার সবুজ সঙ্কেত দিলেও ভারতের বিরুদ্ধে মাঠে নামার অনুমতি দেয়নি। উল্লেখ্য, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসি-র রাজস্বের ব্যাপক ক্ষতি হবে। তাই আইসিসি কড়া পদক্ষেপের পথে হাঁটতে পারে।

ভারতের প্রস্তুতি তুঙ্গে: টিম ইন্ডিয়া এখন ইতিহাসের দোরগোড়ায়। ঘরের মাঠে এখনও পর্যন্ত কোনো দল বিশ্বকাপ জেতেনি, ভারত সেই রেকর্ড গড়তে মরিয়া। ৭ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযান শুরুর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে নীল বাহিনী। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি হওয়ার কথা থাকলেও পরিস্থিতির ওপর নজর রাখছে সব মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy