ভারত-পাকিস্তান ম্যাচ মানেই কি এখন একপেশে লড়াই? মাঠের উত্তাপ আর গ্যালারির গর্জন ছাপিয়ে এখন বড় প্রশ্ন— পাকিস্তান কি আদৌ ভারতের সমকক্ষ? কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণে ফের একবার মুখ থুবড়ে পড়ল পাকিস্তান। ভারতের তোলা পাহাড়প্রমাণ রানের জবাবে মাত্র ১১৪ রানেই শেষ হয়ে গেল বাবর আজমদের ইনিংস। এই হারের ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান এখন ৮-১, যেখানে ভারতের জয়ই যেন অলিখিত নিয়ম।
পাকিস্তানের এই ছন্নছাড়া পারফরম্যান্সে ক্ষুব্ধ খোদ পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। সূত্রের খবর, দলের হার নিশ্চিত হতেই খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন তিনি। ড্রেসিংরুমেও বইছে ঝোড়ো হাওয়া। কোচ মাইক হেসন সোজাসুজি জানিয়ে দিয়েছেন, ক্রিকেটাররা নিজেদের ক্ষমতার ছিটেফোঁটাও দেখাতে পারেননি। এই চরম ব্যর্থতার মাশুল দিতে হতে পারে দলের মহাতারকাদের। শোনা যাচ্ছে, নামিবিয়ার বিরুদ্ধে পরের ম্যাচে বাবর আজম এবং শাহিন আফ্রিদির মতো তারকাদের বসিয়ে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে পারে পাকিস্তান। সলমন মির্জা, নাসিম শাহ বা ফকর জামানদের সুযোগ দিয়ে দলকে খোলনলচে বদলে ফেলার ইঙ্গিত দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। ক্রিকেট মহলের স্পষ্ট মত, বর্তমান পাকিস্তান দল ভারতের ‘সি’ টিমের কাছেও হারার ক্ষমতা রাখে।