গতবছর প্যারিস অলিম্পিক্সের ফাইনালে পৌঁছতে না পারার ব্যর্থতা ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন ভারতীয় পিস্তল শুটার আনীশ ভানওয়ালা। কায়রোয় অনুষ্ঠিত ISSF বিশ্ব চ্যাম্পিয়নশিপে রবিবার পুরুষদের ২৫ মিটার র্যাপিড-ফায়ার পিস্তলে রৌপ্য পদক জিতে ২৩ বছর বয়সী এই শুটার শুধু পোডিয়ামে ওঠেননি, বরং ইতিহাসও গড়েছেন।
নজির গড়ার পথে আনীশ
আনীশের এই পদক জয়ের আগে পুরুষদের ২৫ মিটার র্যাপিড-ফায়ার পিস্তলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের কোনো পদক ছিল না। সেই গেরো কাটল অনীশের হাত ধরেই। পাশাপাশি, দেশের প্রথম পিস্তল শুটার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জয়ের নজিরও গড়লেন হরিয়ানার এই কৃতী শুটার।
২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করার পথে এদিন দু’টি শুট-অফ পর্ব পেরোতে হয় আনীশকে। সেখানে তিনি জার্মানি এবং ইউক্রেনের প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে রূপো নিশ্চিত করেন। এর আগে যোগ্যতা অর্জন পর্বেও তিনি মোট ৫৮৫ স্কোর করে দ্বিতীয় স্থানে থেকেই ফাইনালে প্রবেশ করেছিলেন। এই পারফরম্যান্সের সুবাদে তিনি আগামী মাসে দোহায় অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ ফাইনালেরও যোগ্যতা অর্জন করে নিলেন। উল্লেখ্য, ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে দেশের কনিষ্ঠ অ্যাথলিট হিসেবে সোনা জয়ের নজির রয়েছে আনীশের।
শুটারের প্রতিক্রিয়া
পোডিয়াম ফিনিশ করার পর আপ্লুত আনীশ ISSF-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “এই অনুভূতি ভাষায় প্রকাশ করা ভীষণ কঠিন। তবে অসাধারণ লাগছে। এর আগে বহুবার চেষ্টা করেও নিজেকে মেলে ধরতে পারিনি। এবার তাই প্রস্তুতিতে আরও জোর দিয়েছিলাম। শেষমেশ তা কাজে এসেছে।”
আনশের ইভেন্টে এদিন সোনা জিতেছেন ফরাসি শুটার ক্লিমেন্ট বেসাগুয়েত, যিনি ফাইনালে ৩১ পয়েন্ট স্কোর করেন। এই ইভেন্টে ভারতের অন্য দুই শুটার আদর্শ সিং এবং সমীর যথাক্রমে ২২তম এবং ৩৫তম স্থানে শেষ করেছেন।