ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ মানেই টানটান উত্তেজনা, আর সেই উত্তেজনায় এবার নতুন মাত্রা যোগ করল মহসিন নকভির পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। দীর্ঘ টানাপোড়েনের পর ১৫ ফেব্রুয়ারি টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে মাঠে নামতে রাজি হয়েছে পাকিস্তান। তবে এই সম্মতি বিনা শর্তে নয়। সমাধানের পথ খুঁজতে রবিবার লাহোরে আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিল পিসিবি, যেখানে উপস্থিত ছিলেন বিসিবি-র আমিনুল ইসলাম বুলবুল-ও।
পিসিবি-র তিন ‘বিস্ফোরক’ শর্ত: জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর রিপোর্ট অনুযায়ী, আইসিসি-র কোর্টে বল ঠেলে দিয়ে তিনটি প্রধান দাবি জানিয়েছে পাকিস্তান: ১. আইসিসি-র লভ্যাংশ বা রেভিনিউ শেয়ারে পাকিস্তানের অংশ বাড়াতে হবে। ২. ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ ফের শুরু করার গ্যারান্টি দিতে হবে। ৩. মাঠের উত্তাপ বা ‘হ্যান্ডশেক বিতর্ক’ এড়াতে নির্দিষ্ট আইন প্রণয়ন করতে হবে।
কেন এই হঠাৎ বদল? উল্লেখ্য, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার জেরে নিরাপত্তা ইস্যু তুলে ভারত থেকে নাম প্রত্যাহার করেছিল বাংলাদেশ। বন্ধু দেশের পাশে দাঁড়াতে পাকিস্তানও প্রথমে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিল। কিন্তু ভারত-পাক ম্যাচ না হলে কয়েক হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা করছে বিশ্ব ক্রিকেট। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সরাসরি পিসিবি-কে ইমেল করে ম্যাচটি খেলার অনুরোধ জানায়। কারণ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা কলম্বোয়।
আইসিসি অবশ্য আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে, ম্যাচ বয়কট করলে তার ফল ভালো হবে না। শ্রীলঙ্কার অনুরোধ এবং আইসিসি-র চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত পিছু হঠল পাকিস্তান। তবে পিসিবি-র এই ‘শর্তসাপেক্ষ’ প্রস্তাবে আইসিসি আদৌ সায় দেবে কি না, তা নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে। আইসিসি-র পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এখন দেখার, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই রফাসূত্রে চূড়ান্ত সবুজ সংকেত দেন কি না।