২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা টপকে ইতিমধ্যেই সুপার এইটে (Super 8) জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। গত ম্যাচে পাকিস্তানকে দুরমুশ করার পরেই সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের টিকিট পাকা হয়ে গিয়েছিল। তবে এখন ক্রিকেট প্রেমীদের কৌতূহল একটাই—সুপার আটে ভারতের প্রতিপক্ষ কারা? কোন কোন মেগা লড়াইয়ের জন্য অপেক্ষা করছে ক্রিকেট বিশ্ব? অবশেষে চূড়ান্ত হয়ে গেল ভারতের সেই সূচি এবং প্রতিপক্ষ।
গ্রুপ বি-তে ঘটে যাওয়া বড়সড় এক অঘটন বদলে দিল সুপার আটের সমীকরণ। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে ইতিহাস গড়ে সুপার আটে জায়গা করে নিয়েছে জিম্বাবোয়ে। ফলে ভারতের গ্রুপ ১-এ লড়াই হবে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে।
সুপার আটে ভারতের লড়াইয়ের সূচি ও মাঠ: সুপার এইটে ভারতের যাত্রা শুরু হচ্ছে আমেদাবাদ থেকে। ২২ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রোটিয়া বাহিনীর (South Africa) মুখোমুখি হবে ব্লু ব্রিগেড। এরপর ২৬ ফেব্রুয়ারি ভারতের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ লড়াকু জিম্বাবোয়ে (Zimbabwe)। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে। আর সুপার আটের শেষ মহাযুদ্ধ হবে ১ মার্চ, কলকাতার ইডেন গার্ডেন্সে। সেখানে ভারত মুখোমুখি হবে টুর্নামেন্টের অন্যতম দাবিদার ওয়েস্ট ইন্ডিজের (West Indies)।
সুপার আটের আগে ডাচ-পরীক্ষা: আগামীকাল, ১৮ ফেব্রুয়ারি আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে সূর্যরা। যদিও এই ম্যাচের ফলাফলের ওপর ভারতের সুপার আট নিশ্চিত হওয়া নির্ভর করছে না, তবে জয় বজায় রেখে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে মরিয়া সূর্যকুমাররা। শোনা যাচ্ছে, এই ম্যাচে জাসপ্রিত বুমরাহ বা কুলদীপ যাদবের মতো প্রধান বোলারদের বিশ্রাম দিয়ে সাইড বেঞ্চের শক্তি পরখ করে নিতে পারে ম্যানেজমেন্ট।
টিম ইন্ডিয়া বর্তমানে অপরাজিত থেকে গ্রুপ এ-র শীর্ষে রয়েছে। তবে সুপার আটে দক্ষিণ আফ্রিকা এবং হার্ড-হিটিং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পাওয়া খুব একটা সহজ হবে না। অন্যদিকে, অস্ট্রেলিয়াকে হারানো জিম্বাবোয়েও এখন জায়ান্ট কিলার হিসেবে পরিচিত। সব মিলিয়ে কোটি কোটি ভারতবাসী এখন ১ মার্চের ইডেন যুদ্ধের অপেক্ষায়।