টানা তিনটি ইনিংসে খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছিলেন। চারদিক থেকে ধেয়ে আসছিল প্রবল সমালোচনা। কিন্তু চাপের মুখে হার না মেনে জিম্বাবোয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে জ্বলে উঠলেন তরুণ ওপেনার অভিষেক শর্মা। চিপকের মাঠে মাত্র ৩০ বলে ৫৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে জয়ের সরণিতে ফেরালেন তিনি। আর প্রিয় শিষ্যের এই সাফল্যে উচ্ছ্বসিত তাঁর গুরু তথা কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিং।
অভিষেকের এই ইনিংসে ছিল ৪টি চার ও ৪টি ছক্কার বাহার। তাঁর এই পারফরম্যান্সের ওপর ভর করেই ৭২ রানে জয় পায় ভারত। ম্যাচ শেষে যুবরাজ সিং তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অভিষেককে অভিনন্দন জানিয়ে লেখেন, “সবচেয়ে ভালো জবাব হল, যখন ব্যাটই বলে সব কথা! দারুণ ইনিংস স্যার অভিষেক। এ ভাবেই এগিয়ে চলো।” গুরুর এই বিশেষ বার্তাই বুঝিয়ে দিচ্ছে, অভিষেকের ওপর তাঁর কতটা ভরসা ছিল।
নিজের এই ইনিংস নিয়ে অভিষেক শর্মা জানান, দল এবং সতীর্থরা তাঁর ওপর বিশ্বাস রেখেছিলেন বলেই এই কামব্যাক সম্ভব হয়েছে। তিনি বলেন, “পুরো টুর্নামেন্টে আমি ভালো করে ১০-১২ বলও খেলতে পারিনি। তাই আজ শুধু কিছুটা সময় ক্রিজে কাটাতে চেয়েছিলাম। সবাই আমাকে সবসময় মনে করিয়ে দিত যে আমার সময় আসবেই।” এই জয়ের ফলে বিশ্বকাপের সেমিফাইনালের পথে আরও একধাপ এগিয়ে গেল ভারত। এখন লক্ষ্য কলকাতাতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সরাসরি শেষ চারে জায়গা করে নেওয়া।