দেশের মাটিতে প্রথমবার আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আক্ষরিক অর্থেই বিশ্বসেরা হওয়ার পর জয়ী দলকে সংবর্ধনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সন্ধ্যায় দিল্লিতে ৭ নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর সহ তাঁর বিশ্বজয়ী দল।
এই অবিস্মরণীয় মুহূর্তে ভারতের বিশ্বকাপজয়ী মেয়েরা প্রধানমন্ত্রীকে বিশেষ উপহার হিসেবে তুলে দেন ‘নমো’ লেখা একটি জার্সি, যাতে দলের সব ক্রিকেটারের স্বাক্ষর রয়েছে। প্রধানমন্ত্রীও খেলোয়াড়দের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা জানান, প্রধানমন্ত্রী তাঁদের প্রতি মুহূর্তে উৎসাহ দিয়েছেন এবং প্রেরণা জুগিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই জয়কে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় লিখেছেন যে, খেলোয়াড়রা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত দক্ষতা, আত্মবিশ্বাস, ব্যতিক্রমী দলগত কাজ এবং দৃঢ়তার প্রদর্শন করেছেন। তিনি আরও বলেন, এই জয় ভবিষ্যতে নতুন চ্যাম্পিয়নদের খেলাধুলোয় আগ্রহী হতে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, দলের অন্যতম সদস্য দীপ্তি শর্মা ২০১৭ সালেও মোদির সঙ্গে দেখা করেছিলেন। সে সময়ে মোদি তাঁকে কঠোর পরিশ্রম করে সাফল্য পাওয়ার পরামর্শ দিয়েছিলেন। মঙ্গলবার ভারতীয় মহিলা দল নয়াদিল্লিতে পৌঁছনোর পর, জানা গেছে তাঁরা শীঘ্রই দেশের রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে পারেন।