দুই দশকের দীর্ঘ প্রতীক্ষার পর এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ভারতের মহিলা ফুটবল দল। অথচ অস্ট্রেলিয়ার মাটিতে বুধবার ভিয়েতনামের বিরুদ্ধে অভিযান শুরু করার ঠিক ৪৮ ঘণ্টা আগে চরম অব্যবস্থার শিকার হলেন ‘ব্লু টাইগ্রেসেস’রা। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) গাফিলতিতে সিনিয়র দলের ফুটবলারদের কাছে পৌঁছেছে অনূর্ধ্ব বা বয়সভিত্তিক দলের জার্সি, যা ২৬ জনের স্কোয়াডের ৮০ শতাংশ ফুটবলারের গায়েই আঁটছে না।
‘টাইমস অব ইন্ডিয়া’র রিপোর্ট অনুযায়ী, নয়াদিল্লি থেকে জার্সি পৌঁছতেও যেমন দেরি হয়েছে, তেমনই তা আসার পর দেখা যায় সাইজে মারাত্মক অসঙ্গতি। মণীষা কল্যাণ, সুইটি দেবীর মতো সিনিয়র ফুটবলাররা দ্রুত ফেডারেশনকে চিঠি লিখে ক্ষোভ জানান। অনুশীলনের কিটও পর্যাপ্ত নয় বলে অভিযোগ ফুটবলারদের। তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমে পারথের একটি স্থানীয় বিদেশি সংস্থার থেকে দু’সেট কিটের ব্যবস্থা করেছে ফেডারেশন। ফেডারেশনের এক আধিকারিক কিট পার্টনার না থাকাকে অজুহাত হিসেবে খাড়া করলেও, এই ঘটনায় বিশ্বমঞ্চে ভারতীয় ফুটবলের কঙ্কালসার চেহারাটাই প্রকট হয়ে উঠেছে।
আগামীকাল ভিয়েতনাম ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে অ্যামিলিয়া ভালভের্ডের প্রশিক্ষণাধীন ভারত। এরপর ৭ এবং ১০ মার্চ যথাক্রমে জাপান এবং চিনা তাইপেইয়ের মুখোমুখি হবে তারা। এই জার্সি বিভ্রাট ফুটবলারদের মনোবলে কিছুটা ধাক্কা দিলেও, মাঠে নিজেদের সেরাটা দিতে মরিয়া ভারতের মেয়েরা।