রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে ভারত। তবে মাঠের লড়াই শেষ হতেই আসল ‘খেলা’ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইশান কিষাণের বিধ্বংসী ৭৭ রান আর বুমরাহর ক্লিনিক্যাল বোলিংয়ের দাপটে পাকিস্তান এতটাই কোণঠাসা যে, তাদের এই অসহায় আত্মসমর্পণকে ট্রোল করতে ছাড়েনি খোদ ‘গুগল ইন্ডিয়া’ (Google India)।
গুগল ইন্ডিয়া তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, “এই ম্যাচটা তো একটা ই-মেলেই হয়ে যেতে পারত! 🤭” অর্থাৎ ফলাফল এতটাই অনুমেয় ছিল যে ৩ ঘণ্টা খেলার প্রয়োজনই ছিল না। এছাড়াও ভাইরাল হয়েছে নানা ভূ-রাজনৈতিক মিম। একটি মিমে দেখা যাচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত, আর ক্যাপশন— “ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করছেন।” বাবর আজমের মন্থর ব্যাটিং নিয়েও নেটিজেনদের ঠাট্টা-তামাশা এখন নেটপাড়ায় তুঙ্গে।