ইতালির মিলান ও কোর্টিনা শহরে আয়োজিত ২০২৬ শীতকালীন অলিম্পিক্সের সব আলো এখন একজনের ওপর—তিনি নেদারল্যান্ডসের স্পিড স্কেটার জুটা লিয়েডাম। রূপালি পর্দায় নয়, বরফের রিঙে ১০০০ মিটার স্পিড স্কেটিং ইভেন্টে মাত্র ১ মিনিট ১২.৩১ সেকেন্ডে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেন ২৭ বছর বয়সী এই সুন্দরী। জয়ের পর জুটার আনন্দাশ্রু আর গ্যালারিতে থাকা তাঁর প্রেমিক, বিখ্যাত মার্কিন বক্সার ও ইউটিউবার জ্যাক পলের আবেগঘন মুহূর্ত এখন ইন্টারনেটে ভাইরাল।
কেরিয়ারের কঠিন সময় পার করে জুটার এই জয় যেন এক রূপকথা। গত অলিম্পিকে রুপো জেতার পর জুটা যখন ফ্যাশন দুনিয়া আর বিজ্ঞাপনে সময় দিচ্ছিলেন, তখন অনেকেই বলেছিলেন—’গ্ল্যামারের চক্করে খেলা হারিয়েছেন জুটা’। এমনকি এবারের অলিম্পিকে দলের সাথে না এসে ব্যক্তিগত বিলাসবহুল জেটে আসায় তাঁকে চরম সমালোচনার মুখে পড়তে হয়েছিল। কিন্তু বরফের ওপর গতির ঝড় তুলে জুটা বুঝিয়ে দিলেন, তিনি শুধু সৌন্দর্যে নয়, লড়াইয়েও সেরা। চোটের বাধা কাটিয়ে ফিরে আসা এবং অধরা অলিম্পিক সোনা জয়—সব মিলিয়ে জুটা-জ্যাক জুটি এখন বিশ্বের সবচেয়ে আলোচিত কাপল।