ভারতীয় ফুটবলের আকাশে এখন ঘন কালো মেঘ। দেশের সেরা লিগ আইএসএল (ISL) নিয়ে অনিশ্চয়তা যত বাড়ছে, ততই ক্ষোভে ও হতাশায় ফুঁসছেন দেশের নামী ফুটবলাররা। মঙ্গলবার সেই ক্ষোভেরই তীব্র বহিঃপ্রকাশ ঘটল সোশ্যাল মিডিয়ায়। একযোগে দেশের প্রায় সব শীর্ষ ফুটবলার—সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান, শুভাশীষ বোস, প্রীতম কোটাল, আনোয়ার আলি সহ বহু ভারতীয় ও বিদেশি খেলোয়াড়—তাঁদের ইনস্টাগ্রামে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন।
ফুটবলারদের আর্জি: ‘মাঠে ফিরতে দিন’
ওই বিবৃতিতে খেলোয়াড়রা এক সুরে আওয়াজ তুলেছেন। তাঁদের স্পষ্ট বার্তা: “আমাদের খেলাটা এই দেশে চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যাদের হাতে, তাঁদের জানাতে চাই এখনই প্রতিযোগিতামূলক ফুটবল চালু করা সবচেয়ে জরুরি।” এই খোলা চিঠিতেই পরোক্ষভাবে ফেডারেশনের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে তাঁরা জানতে চেয়েছেন, কবে আবার শুরু হবে প্রফেশনাল ফুটবল? কবে মাঠে ফিরবেন তাঁরা?
টেন্ডার জটিলতা: ISL কি বাতিল?
আইএসএল নিয়ে বিতর্কের সূত্রপাত টেন্ডার প্রক্রিয়াকে ঘিরে। প্রথমে টেন্ডার জমা দেওয়ার সময়সীমা ছিল ৫ নভেম্বর, যা পরে বাড়িয়ে ৭ নভেম্বর করা হয়। কিন্তু শেষদিনেও এফএসডিএল (FSDL) সহ কোনও সংস্থাই বিড জমা দেয়নি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আদৌ এই মরশুমে আইএসএল আয়োজন করা সম্ভব হবে কি না। একদিকে যেমন সময় ফুরোচ্ছে, অন্যদিকে ক্লাবগুলোর কার্যক্রমও থমকে যাওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হচ্ছে।
ইতিমধ্যে মোহনবাগান তাদের অনুশীলন স্থগিত করেছে। কেরালা ব্লাস্টার্স এবং ওডিশা এফসি-ও সমস্ত ফুটবল কার্যকলাপ বন্ধ রেখেছে। সুপার কাপে টিকে থাকা চারটি দলের খেলোয়াড়রা চরম দিশেহারা। ফুটবলারদের এই খোলা চিঠি শুধু ফেডারেশনের উদ্দেশে নয়, ফুটবলপ্রেমী দেশের প্রতিটি মানুষের কাছে এক গভীর আবেদন। ফেডারেশনের প্রশাসনিক জটিলতা এবং ফুটবলারদের অনিশ্চিত ভবিষ্যৎ—ভারতীয় ফুটবল এখন এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে।