২০২৬ সালের আইপিএল শুরুর আগেই ক্রিকেট বিশ্বে বড় পটপরিবর্তনের ইঙ্গিত। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে প্রকাশিত হয়েছে যে, গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বিক্রি করে দিতে চায় তাদের বর্তমান কর্ণধার দিয়াজিও। এবার আইপিএল-এর আরও এক সফল দল রাজস্থান রয়্যালস (RR)-ও বিক্রি হওয়ার পথে বলে জল্পনা ছড়াল।
এই জল্পনা উসকে দিয়েছেন লখনউ সুপার জায়ান্টস-এর কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার দাদা, নামী শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। তিনি স্বয়ং তাঁর এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে এমন দাবি করেছেন।
হর্ষ গোয়েঙ্কার পোস্ট:
এক্স হ্যান্ডেলে হর্ষ গোয়েঙ্কা লিখেছেন, “আমি শুনলাম একটি নয়, আইপিএল-এর দুটি দল বিক্রি হতে চলেছে। আরসিবি এবং আরআর। এটা স্পষ্ট যে এই দলগুলির বাজারে যে দর তৈরি হয়েছে, তাকেই কাজে লাগাতে চাইছে সবাই। ফলে দুটি দল কিনতেই অন্তত ৪ থেকে ৫ জন আগ্রহী ক্রেতার খোঁজ পাওয়া যাবে।”
তিনি আরও প্রশ্ন তুলেছেন, “সফল ক্রেতা কারা হবে, পুণে, আহমেদাবাদ, মুম্বই, বেঙ্গালুরু নাকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দল কেনা হবে?”
আরসিবি বিক্রির প্রক্রিয়া:
আরসিবি-র বর্তমান মালিক সংস্থা দিয়াজিও গত ৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল যে তারা বেঙ্গালুরু দলটি বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। এর আগে, গত ১ অক্টোবর সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-র সিইও আদর পুনাওয়ালা প্রথম এক্স হ্যান্ডেলে পোস্ট করে বেঙ্গালুরু দলটি বিক্রি হবে বলে ইঙ্গিত দেন।
দ্য টাইমস অফ ইন্ডিয়া-র প্রতিবেদন অনুযায়ী, পুনাওয়ালা, কামাথ এবং পাই-এর মিলিত একটি কনসোর্টিয়াম আরসিবি-র মালিকানা হাতে নেওয়ার জন্য দরপত্র জমা দিতে পারে। ২০২২ সালের ফোর্বস-এর রিপোর্ট অনুযায়ী, তিন বছর আগে আরসিবি-র বাজারদর ছিল ১ বিলিয়ন ডলার। গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর সেই দর অনেকটাই বাড়ার কথা।
অন্যদিকে, ২০২৪ সালে জানা গিয়েছিল, রাজস্থান রয়্যালস দলটির মালিকানার ৬৫ শতাংশ রয়েছে রয়্যাল স্পোর্টস গ্রুপ (এমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস লিমিটেড)। লাচলান মুরডোচ এবং রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স-এর মতো অংশীদারদের হাতেও অল্প মালিকানা রয়েছে।