৪টি দেশ, ৪০ জন ভারতীয়! কুড়ি-বিশের বিশ্বকাপে দাপট দেখাবে ‘মিনি ভারত’, চমকে দেবে এই পরিসংখ্যান

টি-২০ বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তে আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি। উত্তেজনার পারদ যত চড়ছে, ততই এক অদ্ভুত সমীকরণ নিয়ে ক্রিকেট মহলে চর্চা শুরু হয়েছে। টুর্নামেন্টের বোধনের দিন যখন ভারতীয় দল মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে, তখন তাকে মজার ছলে অনেকেই ‘আধার কার্ড বনাম গ্রিন কার্ড’-এর লড়াই বলছেন। কারণ, যুক্তরাষ্ট্রের যে স্কোয়াডটি রোহিত-সূর্যদের বিরুদ্ধে মাঠে নামবে, তার নয়জন সদস্যই ভারতীয় বংশোদ্ভূত।

তবে শুধু যুক্তরাষ্ট্র নয়, এবারের বিশ্বকাপে আক্ষরিক অর্থেই জয়জয়কার ভারতীয় প্রতিভার। গোটা টুর্নামেন্টের বিভিন্ন দেশ মিলিয়ে মোট ৪০ জন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার অংশ নিচ্ছেন। সবথেকে অবাক করা বিষয় হলো, ভারতের সূর্যকুমার যাদব ছাড়াও আরও তিন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার তিনটি ভিন্ন দেশকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁরা হলেন— মোনাঙ্ক প্যাটেল (যুক্তরাষ্ট্র), দিলপ্রীত বাজওয়া (কানাডা) এবং জতিন্দর সিং (ওমান)।

তালিকায় সবথেকে বেশি ভারতীয় বংশোদ্ভূত রয়েছে কানাডা দলে, যেখানে ১১ জন সদস্যেরই নাড়ি পোঁতা ভারতে। অধিনায়ক দিলপ্রীত বাজওয়া ছাড়াও রয়েছেন নভনীত ঢালিওয়াল, হর্ষ ঠাকের এবং অংশ প্যাটেলের মতো ক্রিকেটাররা। মার্কিন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল একসময় গুজরাতের হয়ে অক্ষর প্যাটেলের সঙ্গে খেলেছেন। তাঁর দলে রয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত সৌরভ নেত্রভালকর, যিনি গত বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন। এছাড়া শুভম রঞ্জনে ও মিলিন্দ কুমারদের মতো পরিচিত নামও মার্কিন স্কোয়াডে উজ্জ্বল।

অন্যান্য দলগুলোর দিকে তাকালেও একই ছবি ধরা পড়ছে। সংযুক্ত আরব আমিরশাহীর স্কোয়াডে রয়েছেন ৭ জন ভারতীয়, ওমান দলে অধিনায়ক জতিন্দর-সহ আছেন ৭ জন। নিউজিল্যান্ডের হয়ে খেলছেন তারকা অলরাউন্ডার রাচিন রবীন্দ্র ও স্পিনার ইশ সোধি। দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ এবং ওয়েস্ট ইন্ডিজের গুড়াকেশ মোতিও এই তালিকার অংশ। এমনকি নেদারল্যান্ডস ও ইতালির স্কোয়াডেও আরিয়ান দত্ত ও জসপ্রীত সিংয়ের মতো ভারতীয় নাম জায়গা করে নিয়েছেন। বিশ্ব ক্রিকেটের এই মহাযজ্ঞে তাই এবার ভারতের দাপট যে শুধু নীল জার্সিতেই সীমাবদ্ধ থাকছে না, তা স্পষ্ট।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy