১০০ বছরের ইতিহাসে প্রথমবার! ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগেই কী বড় ঘুঁটি চালল নিউজিল্যান্ড?

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ১০০ বছরের দীর্ঘ ও ঐতিহাসিক ক্রীড়া সম্পর্ককে এক স্মরণীয় উচ্চতায় নিয়ে গেল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (NZC)। ভারতের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য একটি বিশেষ ঐতিহাসিক জার্সি উন্মোচন করেছে ব্ল্যাকক্যাপসরা। ভারতীয় শিল্পকলা ও নিউজিল্যান্ডের ঐতিহ্যবাহী মাওরি সংস্কৃতির মেলবন্ধনে তৈরি এই অনন্য জার্সিটির নাম রাখা হয়েছে ‘কোটাহিটাঙ্গা’। আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে এই পোশাকেই মাঠ কাঁপাতে দেখা যাবে কিউয়ি ক্রিকেটারদের।
এই বিশেষ জার্সির নকশায় ফুটিয়ে তোলা হয়েছে দুই দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। এটি যৌথভাবে তৈরি করেছেন তিন খ্যাতনামা শিল্পী—বেন থমাসন, শিব নারানদাস এবং জয় পানচা। ভারতের সাংস্কৃতিক প্রতীক হিসেবে জার্সিতে স্থান পেয়েছে পবিত্র পদ্মফুল, ভারতীয় স্থাপত্যশৈলীর ওজি নকশা এবং ঐতিহ্যবাহী মণ্ডল আর্ট। অন্যদিকে, নিউজিল্যান্ডের মাওরি সংস্কৃতির প্রতিনিধিত্ব করছে তাঁদের নিজস্ব ‘কোয়াইহোয়াই’ নকশা ও ‘হাইহাই’ রেখাচিত্র। দুই দেশের ভিন্নধর্মী শিল্পরীতির এই নান্দনিক সংযোগ ক্রীড়াবিশ্বে প্রশংসিত হচ্ছে।
নিউজিল্যান্ড ক্রিকেটের চিফ মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল অফিসার গ্লেন ক্রিচলি এই উদ্যোগের প্রশংসা করে জানান, ভারতীয় ও মাওরি শিল্পকলার অসাধারণ ভারসাম্য দুই দেশের গভীর বন্ধুত্বকে প্রতিফলিত করে। এই জার্সি ক্রিকেটপ্রেমীদের কাছে অন্যতম প্রিয় সংগ্রাহক স্মারক হয়ে উঠবে বলে আশা তাঁর। জার্সি ডিজাইনার শিব নারানদাস, যাঁর পারিবারিক শিকড় ভারতে, অনুভূতি ব্যক্ত করে বলেন যে এই প্রকল্প তাঁর কাছে অত্যন্ত আবেগের। উল্লেখ্য, ২২ অক্টোবর থেকে টি-টোয়েন্টি সিরিজ এবং ৪ নভেম্বর থেকে শুরু হবে রোমাঞ্চকর ওয়ানডে সিরিজ।