‘সাইন’-কে টেক্কা দিতেই মুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক! আন্তর্জাতিক মানের নতুন হকি স্টেডিয়ামের বিশেষত্ব কী কী?

চলতি মরশুমে ঐতিহ্যবাহী বেটন কাপ আর সাই বা মোহনবাগান ময়দানের ঘেরা মাঠে হচ্ছে না। রাজ্য সরকারের উদ্যোগে নির্মিত সল্টলেক স্টেডিয়ামের একেবারে নতুন, আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই প্রতিযোগিতা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অত্যাধুনিক হকি অ্যাস্ট্রোটার্ফের ভার্চুয়াল উদ্বোধন করেন।

মুখ্যমন্ত্রী ধনধান্য প্রেক্ষাগৃহে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে ২২ হাজার দর্শকাসন বিশিষ্ট এই স্টেডিয়ামের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তথা সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই স্টেডিয়ামটিকে বাংলা হকির নতুন প্রাণকেন্দ্র হিসেবে গণ্য করা হচ্ছে।

এই নিয়ে বাংলায় এখন আন্তর্জাতিক মানের জোড়া অ্যাস্ট্রোটার্ফ স্টেডিয়াম তৈরি হল। যুবভারতী ক্রীড়াঙ্গন ছাড়াও ডুমুরজলা স্টেডিয়ামে ইতিমধ্যেই এমন আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম রয়েছে। বাংলায় হকির জন্য অ্যাস্ট্রোটার্ফের দাবি দীর্ঘদিনের। অলিম্পিয়ান গুরবক্স সিং ও স্বপন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কাজ শুরু হলেও, সুজিত বসুর আমলেই এই কাঙ্খিত স্টেডিয়ামের কাজ সম্পূর্ণতা পেল।

আগামী ৮ নভেম্বর থেকে বেটন কাপ শুরু হলেও, নতুন স্টেডিয়ামের উদ্বোধনের অভাবে আয়োজকদের মধ্যে অস্বস্তি বাড়ছিল। শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে রাজ্য হকি সংস্থার সভাপতি সুজিত বসু এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের মুখ রক্ষা হলো।

নয়া স্টেডিয়ামের আকর্ষণ:

যুবভারতী ক্রীড়াঙ্গনের নয়া হকি স্টেডিয়ামের প্রধান আকর্ষণ হল বিদেশের ধাঁচে নির্মিত ‘আর্দেন গ্যালারি’, যেখানে দর্শকরা শীতের রোদ উপভোগ করতে করতে হকি ম্যাচের আমেজ নিতে পারবেন। কর্তারা এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছেন। কলকাতায় শেষবার ভারত বনাম পাকিস্তান ম্যাচ হয়েছিল ১৯৮৫ সালে মোহনবাগান মাঠে। বঙ্গ হকি সংস্থার কর্তারা এবার আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর উদ্যোগ নিয়েছেন। আন্তর্জাতিক মানের সিন্থেটিক টার্ফ ছাড়াও স্টেডিয়ামে ওয়ার্ম-আপ জোন, জোড়া সুসজ্জিত ড্রেসিংরুম, ভিভিআইপি/ভিআইপি বক্স, ডোপ টেস্টিং ও মেডিক্যাল রুম, এবং সম্প্রচার ও অ্যানালিস্টদের জন্য বিশেষ কক্ষ রয়েছে। বেটন কাপের মাধ্যমে এর যাত্রা শুরু হলেও, এবার থেকে সাইয়ের বরাদ্দ বাদ দিয়ে হকি লিগ যুবভারতী, সাই এবং ডুমুরজলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy