আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে বড় রান তুলেও হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। হারের পর সবথেকে বেশি আলোচনা হয়েছে ২৫.২০ কোটি টাকার রেকর্ড দামে কেনা ক্যামেরন গ্রিনকে নিয়ে। কেন তিনি বল করছেন না, তা নিয়ে সমালচনার ঝড় বয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অবশেষে হায়দরাবাদ ম্যাচের আগে ইডেন গার্ডেন্সের নেটে বল হাতে দেখা গেল এই অজি অলরাউন্ডারকে। কেকেআরের অফিশিয়াল হ্যান্ডল থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে গ্রিন পূর্ণ গতিতে বোলিং অনুশীলন করছেন।
এর আগে অধিনায়ক অজিঙ্কা রাহানে জানিয়েছিলেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার (CA) নির্দেশেই গ্রিনকে বোলিং করানো হয়নি। বোর্ড থেকে কেকেআর-কে জানানো হয়েছিল গ্রিনকে কেবল ব্যাটার হিসেবে ব্যবহার করতে। তবে হারের পর প্রবল চাপের মুখে সেই সিদ্ধান্ত বদলে ফেলে নাইট শিবির। এদিকে বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে ফুরফুরে মেজাজে দেখা গেল কেকেআর বাহিনীকে। রাচিন রবীন্দ্রকে নিয়ে কেকেআরের ইনস্টাগ্রাম পোস্টে লেখা হয়েছে, ‘আমাদের ভুলে যেও না কিন্তু, রাচিন!’ প্রথম ম্যাচ হারলেও মাঠ ও মাঠের বাইরের এই ইতিবাচক মেজাজ নাইট সমর্থকদের নতুন করে আশার আলো দেখাচ্ছে।





