গত নভেম্বর মাসে হোসে মোলিনার উত্তরসূরি হিসেবে মোহনবাগান সুপার জায়ান্টের দায়িত্ব নিয়েছিলেন সার্জিও লোবেরা। দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ সময় দল নিয়ে নিভৃতে কাজ করার পর বৃহস্পতিবার সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন এই স্প্যানিশ কোচ। আর প্রথম আবির্ভাবেই স্পষ্ট করে দিলেন তাঁর লক্ষ্য—শুধুমাত্র অংশগ্রহণ নয়, ট্রফি জয়।
লোবেরা এদিন স্পষ্ট ভাষায় জানান, “ভারতের অন্যতম সেরা নয়, মোহনবাগানই দেশের সেরা ক্লাব।” ক্লাবের ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে তিনি মোহনবাগানের তুলনা টানলেন রিয়েল মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে। তাঁর মতে, বড় ক্লাবে দ্বিতীয় স্থানে শেষ করা মানেই তা ব্যর্থতা হিসেবে গণ্য হয়। চাপের মুখে ভেঙে না পড়ে বরং সেই চাপকে উপভোগ করার মন্ত্রই দলের ফুটবলারদের দিচ্ছেন তিনি। মোলিনার জমানায় কার্যত সাইডলাইনে চলে যাওয়া দিমিত্রি পেত্রাতোসকে যে তিনি নতুন রণকৌশলে ব্যবহার করতে চলেছেন, তারও ইঙ্গিত মিলেছে।
তবে আইএসএল শুরুর আগে সবুজ-মেরুন শিবিরে একটি বড় উদ্বেগের কারণ আশিস রাইয়ের চোট। লোবেরা নিজেই নিশ্চিত করেছেন যে, চলতি মরশুমে সম্ভবত আশিসকে আর মাঠে পাওয়া যাবে না। ডার্বি প্রসঙ্গে তিনি বলেন, “৩ মে ডার্বি জেতা অবশ্যই লক্ষ্য, কিন্তু আমাদের প্রধান লক্ষ্য খেতাব জয়। ডার্বি জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে আমরা মরিয়া।” লোবেরার এই আত্মবিশ্বাসী বার্তায় নতুন করে বুক বাঁধছেন বাগান সমর্থকরা।