ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামি এবং পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে নোটিস জারি করেছে ভারতের সুপ্রিম কোর্ট। বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি উজ্জ্বল ভূইয়ার বেঞ্চ এই নোটিস জারি করে চার সপ্তাহের মধ্যে লিখিত জবাব তলব করেছে।
মূলত, কলকাতা হাইকোর্টের একটি রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন শামির স্ত্রী হাসিন জাহান। হাইকোর্ট রায় দিয়েছিল যে শামি বর্তমানে যে মাসিক ভরণপোষণ ভাতা দিচ্ছেন, তা যথেষ্ট এবং এটি বাড়ানোর আবেদন খারিজ করেছিল। সুপ্রিম কোর্ট এই মামলাটি নতুন করে শোনার নির্দেশ দিয়েছে এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য জানতে চেয়েছে।
বর্তমানে, জুলাই ২০২৫-এ কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শামি তাঁর স্ত্রী ও মেয়ের জন্য প্রতি মাসে মোট ৪ লক্ষ টাকা দিচ্ছেন— যার মধ্যে মেয়ের জন্য ২.৫ লক্ষ টাকা এবং স্ত্রীর জন্য ১.৫ লক্ষ টাকা নির্ধারিত। তবে হাসিন জাহানের দাবি, শামির মাসিক আয় প্রায় ৬০ লক্ষ টাকা, তাই এই পরিমাণ অর্থ তাঁদের প্রয়োজন মেটাতে যথেষ্ট নয়।
প্রসঙ্গত, ২০১৮ সালে হাসিন জাহান প্রথম আদালতের দ্বারস্থ হন এবং নিজের জন্য সাত লাখ ও মেয়ের পড়াশোনার জন্য তিন লাখ সহ মোট ১০ লক্ষ টাকা ভরণপোষণ দাবি করেছিলেন। প্রথম ধাপে আলিপুর আদালত শামিকে স্ত্রী ও মেয়ের জন্য যথাক্রমে মাসে ৫০ হাজার ও ৮০ হাজার টাকা দিতে নির্দেশ দিয়েছিল। পরে হাইকোর্টে সেই অঙ্ক বেড়ে ৪ লক্ষ টাকা হয়।
এদিকে, শামি ও হাসিন জাহানের মধ্যে এখনও বিবাহবিচ্ছেদ মামলা আদালতে বিচারাধীন রয়েছে। খেলার মাঠে বর্তমানে জাতীয় দল থেকে বাইরে থাকা শামি রঞ্জি ট্রফিতে ভালো পারফর্ম করলেও নির্বাচকদের পরিকল্পনায় আপাতত নেই, ফলে মাঠের বাইরেও একাধিক আইনি জটিলতায় তিনি চাপে রয়েছেন।