গুঞ্জন ছিলই, এবার তাতে পড়ল সরকারি সিলমোহর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কারণে পিছিয়ে দেওয়া হলো ইন্ডিয়ান সুপার লিগের (ISL) বহুল প্রতীক্ষিত কলকাতা ডার্বি। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৩ মে-র পরিবর্তে ১৭ মে অনুষ্ঠিত হবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্টের হাই-ভোল্টেজ ম্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গনে ওইদিন সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে খেলা।
মূলত ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার কথা। তার আগের দিন ডার্বির মতো বড় ম্যাচে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলেই প্রশাসনের তরফে জানানো হয়েছিল। নির্বাচনের এই ডামাডোলে শুধু ডার্বি নয়, বদলে গিয়েছে দুই প্রধানের আরও বেশ কিছু ম্যাচের সূচি। মোহনবাগান বনাম ইন্টার কাশী ম্যাচটি ২৬ এপ্রিলের বদলে হবে ১২ মে।
অন্যদিকে, ইস্টবেঙ্গলের সূচিতেও বড় রদবদল হয়েছে। ২৮ এপ্রিল যুবভারতীতে ওড়িশা এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ হওয়ার কথা থাকলেও, তার পরের দিনই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ভোট থাকায় নিরাপত্তা নিয়ে জটিলতা তৈরি হয়। ফলে ম্যাচটি কলকাতা থেকে সরিয়ে গোয়ায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ৫ মে মুম্বই সিটির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড। ২৪ মে পাঞ্জাব এফসির বিরুদ্ধে নির্ধারিত ম্যাচটিও পিছিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এই ওলটপালট সূচি ক্লাবগুলোর প্রস্তুতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।





