বোর্ডকর্তাদের অবহেলাই কাল! অভিমানেই কি প্রোটিয়া জার্সি তুলে রাখলেন ‘দ্য বিস্ট’ ডুসেন?

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে অকাল অবসরের ট্র্যাডিশন বজায় রইল। এবি ডি ভিলিয়ার্সের স্মৃতি উসকে দিয়ে মাত্র ৩৬ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া ব্যাটিংয়ের স্তম্ভ রাসি ভ্যান ডার ডুসেন। দেরিতে অভিষেক হলেও নিজের আগ্রাসী ব্যাটিংয়ের জন্য ভক্তদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘দ্য বিস্ট’ নামে। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (CSA) তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ায় এবং ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় ব্রাত্য রাখার আভাষ পেয়েই এই কঠিন সিদ্ধান্ত নিলেন প্রিটোরিয়ার এই ক্রিকেটার।

দেশের হয়ে ১৮টি টেস্ট, ৭১টি ওয়ানডে এবং ৫৭টি টি-২০ খেলা ডুসেনের ওয়ানডে গড় ছিল ঈর্ষণীয় (৫০.১৩)। ২০২৫ সালের মার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন তিনি। অবসরের কারণ হিসেবে ডুসেন জানান, জাতীয় দলে তরুণ প্রজন্মের উত্থান এবং নিজের ভবিষ্যৎ নিয়ে ম্যানেজমেন্টের অস্পষ্টতাই তাঁকে সরতে বাধ্য করেছে। বোর্ডের চুক্তিতে ব্রাত্য হওয়া ডুসেন এখন থেকে বিশ্বজুড়ে চলা লাভজনক ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেই মনোনিবেশ করবেন। প্রোটিয়া মিডল অর্ডারের এই নির্ভরযোগ্য ব্যাটারের প্রস্থানে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট মহল।