দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট ঘিরে তুমুল উন্মাদনা! ভক্তদের জন্য রাতদুপুরে ঐতিহাসিক সিদ্ধান্ত দিল্লি মেট্রোর

জনপ্রিয় পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের বহু প্রতীক্ষিত ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’ (Aura India Tour 2026) কনসার্ট ঘিরে রাজধানী দিল্লিতে উন্মাদনার পারদ এখন তুঙ্গে। আর এই মেগা মিউজিক্যাল কনসার্ট দেখতে আসা হাজার হাজার গানপ্রেমী ভক্তদের সুবিধার্থে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC)। আগামী ৩০শে অক্টোবর অনুষ্ঠান উপলক্ষে দিল্লি মেট্রোর সমস্ত লাইনে মধ্যরাত ১২টা পর্যন্ত বিশেষ ট্রেন পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দিল্লির জওহরলাল নেহেরু (JLN) স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশাল কনসার্টে প্রায় ৭০,০০০ দর্শকের সমাগম হতে চলেছে বলে আশা করা হচ্ছে। এই বিপুল সংখ্যক মানুষের যাতায়াতের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই স্বাভাবিক সময়সীমা পার হওয়ার পরও মেট্রো চালানোর বিশেষ প্রস্তুতি নিয়েছে ডিএমআরসি।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ৩০শে অক্টোবর মধ্যরাত পর্যন্ত দিল্লি মেট্রোর মূল নেটওয়ার্ক জুড়ে ট্রেন চলাচল করবে। তবে এই বর্ধিত সান্ধ্যকালীন সুবিধাটি এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন এবং গুরুগ্রামের র্যাপিড মেট্রোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
কনসার্ট শেষে অতিরিক্ত ভিড় সামাল দিতে পুরো মেট্রো নেটওয়ার্ক জুড়ে অতিরিক্ত ট্রেনের বন্দোবস্ত রাখা হয়েছে। পাশাপাশি, যেকোনো জরুরি পরিস্থিতি ও অতিরিক্ত যাত্রীচাপ সামাল দেওয়ার জন্য একাধিক ‘স্ট্যান্ডবাই’ ট্রেনও প্রস্তুত রাখছে দিল্লি মেট্রো। দিলজিৎ দোসাঞ্জের ভক্তদের রাতের বেলা বাড়ি ফেরার চিন্তা দূর করতে মেট্রো কর্তৃপক্ষের এই আগাম পদক্ষেপ ব্যাপক প্রশংসা কুড়োচ্ছে।